মুক্তধারা
দীপাবলি ১৪৩৩
কবিতা : দীপাবলি ও সাধ
গৌরী সেনগুপ্ত
১১ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
এলো ফিরে সেই দেওয়ালির মজা
আলো ঢালা হুড়োহুড়ি
দুমদাম আর ঝিরঝির রং
জ্বলছে ফুলঝুরি ।
নেপলার হাতে রঙমশাল
আর পটকার বাণ্ডিল
বল্টু ঘোরায় চড়কির স্রোত
রকেটও ছুড়ছে লাল নীল ।
শুভম ছুটছে প্যাণ্ডেলে
জানে এবার নাচবে ঘোঁতলা
ধুনুচি নাচাবে পুরুত ঠাকুর
ঝাপতাল দেবে ফোকলা ।
ভুতুটার ভয় বাজির শব্দ
হাত পুড়িয়েছে ময়না
দোতলার গ্রীলে দাঁড়িয়ে বলছে
দাদাও ডাকলে যাব না ।
দুমদাম ফাটে কালি পটকা
ভোঁস করে ছোটে দোদোমা
এসব বাজি কেন যে বানায়
পুচকিকে ধরে ঠাকুমা ।
বারবার এসো আলোর রোশনি
ঢেলে দাও রঙে উৎসব
প্রার্থনা করি কালীমা তোমায়
আর না আয়লা অর্ণব ।
শুধু বলি ভাই
রাখি বুকে স্নেহ মধুভরা আহ্লাদ
তোকে দিয়ে ফোঁটা
সুখটুকু নেব হৃদয় জুড়ানো সাধ ।
Comments :0