সোমবার দুপুরে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় এসএফআই-র বুকস্টল ‘‘লালমাটির বৈঠকখানা’’র উপর হামলা চালালো বিজেপি আশ্রিত চারজনের একটি বাহিনী। এই হামলায় নেতৃত্ব দেয় বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার গাড়ির চালক বাপন মালাকার। এই হামলার হাত থেকে রেহাই পাননি সিপিআই(এম) বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রমও। বিজেপি’র এই হামলাকারীদের আটকাতে দেবলীনা হেমব্রম যখন বইগুলি আগলে রাখে তখন বাপন মালাকার ও বাকিরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে মাটিতে ফেলে দেয়। দেবলীনা হেমব্রমের হাতে আঘাত লাগে। তাঁর মোবাইল ফোন ভেঙ্গে যায়। শারিরীকভাবে আক্রান্ত হয় এসএফআইনেতা মৌসম নন্দী, সুমন কবিরাজ। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়। এসএফআই-র কর্মীরা ও স্কুলডাঙ্গার সাধারন মহিলা পুরুষ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন। কিছুক্ষন পথ অবরোধ হয়। পুলিস ঘটনাস্থলে আসার পর এসএফআই নেতৃবৃন্দ স্পষ্ট জানান, সন্ধ্যার মধ্যে অপরাধিকে গ্রেপ্তার করতে হবে। না হলে বাঁকুড়া শহরে ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবরোধ করা হবে। এসএফআই-র পক্ষ থেকে এদিন হামলার বিষয়টি নিয়ে বাঁকুড়া থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। এই হামলার পরও যথারীতি বুকস্টল খোলা রাখা হয়েছে। কার্যত প্রতিরোধ করেই চলছে বাঁকুড়া শহরে এসএফআই-র বুকস্টল।
ঘটনা হল গত চার বছর ধরে দীপাবলী উৎসবের সময় বাঁকুড়া শহরে খ্রীশ্চান কলেজের সামনে এসএফআই বুক স্টল করে আসছিল। এবারও সেখানে করার কথা। কিন্তু পুলিশ বাঁকুড়া খ্রীশ্চান কলেজের বাইরে এই স্টল করার অনুমতি দেয়নি। পুলিশ প্রশাসন থেকে জানানো হয় এই জায়গা ছাড়া অন্য যেকোন জায়গায় এসএফআই স্টল করতে পারে। সেই মতো প্রশাসনের কথা শুনেই স্কুলডাঙ্গায় সিপিআই(এম) পার্টির অফিসের সামনেই রবিবার এই স্টল শুরু করা হয়। বহু মানুষ প্রথমদিনেই বই কেনেন, স্টলে আসেন। সোমবারও স্টল চলছিল। দুপুর ২টা নাগাদ বাপন মালাকার ও তার তিন সঙ্গী বুকস্টলে এসে জানতে চায় কেন এখানে বই বিক্রি করা হচ্ছে? এসব কী বই? এখন রাজ্যে হিন্দুদের সরকার। তাই এসব বই বিক্রি করা যাবেনা। ‘‘আমরা বিজেপি’র ঐ বাহিনীকে বই এর বিষয়ে বোঝাই, কিছুই ওরা বুঝতে চায়না, নিমেষের মধ্যে হামলা শুরু করে দিল। পুলিশের হাতে প্রানহারা শহীদ সুদীপ্ত গুপ্তের ছবিতে লাথি মারতে থাকে বিজেপি বাহিনী। বই পত্র উল্টে দেয়। ভাঙ্গা হয় চেয়ার’’ জানায় এসএফআই-র বাঁকুড়া জেলা সভাপতি অনির্বান গোস্বামী। এই হামলা আটকাতে গেলে মৌসম নন্দী ও সুমন কর্মকারকে মারধর করা হয়। এই সময় বুকস্টলে এসে হামকারীদোর হাত থেকে ছাত্রদের রক্ষা করার চেষ্টা করেন দেবলীনা হেমব্রম। তাঁকে ঠেলে মাটিতে ফেলে দেয় এই হামলাকারীরা। পুলিশকে বার বার ফোন করা সত্বেও পুলিশ আসেনি। বহু পরে বাঁকুড়া থানা থেকে পুলিশ আসে।
স্কুলডাঙ্গা এলাকার মানুষজন এই ঘটনা প্রত্যক্ষ করে রাস্তায় নেমে পড়েন। ঘটনাস্থলে হাজির হন বহু বামপন্থী কর্মী ও সাধারন মানুষ। এরপরও হামলাকরার চেষ্টা চালায় বাপন মালাকার। কাছেই তার বাড়ি হওয়ায় দুবার সে স্টলে এসে স্টল বন্ধ করার হুমকি দেয়। পুলিশের সামনেই হুমকি দিয়ে বলে স্টল পুড়িয়ে দেওয়া হবে। এই কথা বলার পরই এলাকার মানুষজন ও এসএফআই কর্মীরা তাকে ঘিরে রাখে। মানুষের এই মেজাজ দেখে সে পালিয়ে যায়। কিছুক্ষন এলাকায় পথ অবরোধও হয়। স্টল যথারীতি খোলা রয়েছে।
Comments :0