Six months of the BJP government: a display of power, dominance, and intimidation

বিজেপি সরকারের ছ’মাস, ক্ষমতা-দাপট-হুমকির দাপাদাপি

সম্পাদকীয় বিভাগ

সুজন চক্রবর্তী


রাজ্যে বিজেপি সরকারের ছ’মাস। কেন্দ্রে যেমন বিজেপি-কে ছাপিয়ে মোদীজির সরকার, রাজ্যেও তেমনই শুভেন্দু অধিকারীর সরকার। দলকে ছাপিয়েই মুখ্যমন্ত্রী। মমতা আর মোদীর মিশেলেই যেন শুভেন্দুর সরকার। ক্ষমতা-দাপট-হুমকির দাপাদাপি। ভয় পেয়ে গেলে যেমন হয়— ভয় দেখানোর জন্য সেকারণেই হুঙ্কার। হাতে মাথা কাটার ভঙ্গি, কিন্তু কাজের ক্ষেত্রে অষ্টরম্ভা। ‘ভয় আউট’ কোথায়? বরং সবাই যেন ভয়ে জড়োসড়ো হয়ে থাকে। মুখ খুলতে যেন সাহস না পায়! উনি বলেছিলেন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে, আর ওনার দ্বারা অনুপ্রাণিত এবং মোদী-শা’-তে জারিত ইনি বলছেন— ‘তিন পুরুষকে বুঝিয়ে দেবেন।’ স্বৈরাচারী হাবভাব। সমাজ-সভ্যতা আর শালীনতার সীমা অতিক্রম করে যাচ্ছে যেন। যারা ভেবেছিলেন বামফ্রন্ট সরকারের অবসানে তৃণমূলী ফাগুনে বাতাস বইবে রাজ্যে— তারা ঠকে গেছেন। যারা ভেবেছিলেন তৃণমূলের বিকল্প বিজেপি, তারা ডাবল ঠকেছেন। তৃণমূলের মন্ত্রী প্রমোশন পেয়ে বিজেপি’র মুখ্যমন্ত্রী। তৃণমূলের বাহিনীই তিন-চার ধারায় ভাগ হয়ে শেষমেশ বিজেপি’র প্রসাদ লাভের অপেক্ষায়। চুরি-দুর্নীতি-তোলাবাজির তৃণমূলী দুর্গন্ধ গায়ে মেখেই রাজ্যে বিজেপি’র সরকার। অগণতন্ত্র, মিথ্যা, প্রতারণা আর স্বেচ্ছাচারের নামান্তর। সম্যক বুঝতে পারছেন মানুষ। ক্রমশই সতর্ক এবং সরব হচ্ছেন। ছ’মাসেই বিজেপি’র বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের শক্তি সক্রিয় হচ্ছে রাজ্যজুড়ে।

সকাল দেখলে বোঝা যায়

২০৭ আসনে জয়ী হওয়া অথবা জয় পাওয়া বিজেপি, এ নির্বাচনে বিচারাধীন হয়ে থাকা ভোটাধিকার পেলেন না under adjudication তাদের চাইতে জয়-পরাজয়ের মার্জিন কম অন্তত ৫০‍‌টি বিধানসভা ক্ষেত্রে যথাযথ ফলাফল নিয়ে প্রশ্ন তো থাকেবেই। তার উপর আবার মুখ্যমন্ত্রী বিধানসভাতেই দাবি করে বসলেন—ফ্লোর টেস্ট হোক। বিজেপি নাকি ২৯৪-তে ২৭৫টা ভোট পাবে। বিরোধী শূন্য রাজনীতির প্রবল প্রচেষ্টা। ছ’মাসের মধ্যেই নির্বাচনী ফলাফলের মান্যতা নিয়ে শাসকের এত ধন্দ এবং ডিগবাজি! সংসদীয় গণতন্ত্র কিংবা সংবিধান সম্মত মনোভাব থেকে এতটা দূরে সরে যাওয়া! এটাই গণতন্ত্র এবং মানুষের রায় সম্পর্কে চূড়ান্ত অনাস্থা এবং ক্ষমতার মদমত্ততার স্পষ্ট নিদর্শন।

বস্তি-হকার-গরিব বিরোধী

এই ক’দিনের মধ্যেই সরকার নস্যাৎ করতে চেয়েছে গরিব মানুষের জীবন-জীবিকার ন্যূনতম অধিকার এবং ব্যবস্থাপনাকে। কেন্দ্রীয় বাহিনীর সাহচর্চ নিয়ে ভাঙতে চেয়েছে বস্তিবাসীর আস্তানাটুকু। হকারের সম্বলটুকু। একটার পর একটা রেল স্টেশনে এবং সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে। শিশুর খাদ্য, দুধের বাটি লাথি মেরে ফেলে দিয়েছে। চোখ রাঙিয়েছে। বুলডোজার নামিয়েছে। চূড়ান্ত আক্রমণ আর ক্ষমতার দম্ভ। গরিব মানুষের বসতি অথবা জীবিকার চাইতে সরকারের কাছে অগ্রাধিকার আদানি-আম্বানি মার্কা বাহিনীর দালালি করা। ওদের জন্য ব্যবস্থা করে দেওয়া। ফলে মানুষ প্রতিবাদে ক্রমশ শামিল হয়েছে। সরকার আক্রমণ করেছে গোটা শিক্ষা ব্যবস্থার উপর। পরিচালন কমিটির মাথায় বসিয়ে দিয়েছে শাসকেরই দলীয় বাহিনীকে। গণতন্ত্রের বালাই নেই। সিলেবাস বদল করছে। বিজ্ঞানের বিরুদ্ধে অপবিজ্ঞান, ইতিহাসের বিরুদ্ধে পুরাণ। সত্য এবং তথ্যকে বিকৃত করার প্রচেষ্টা। বৈদিক অঙ্ক নামক ব্যবস্থাপনা। আরএসএস পরিচালিত এক হাজার স্কুল খোলার ঘোষণা। ইতিহাস, চেতনা, বিজ্ঞানের শিক্ষাকে বরবাদ করে অগ্রসরমানতাকে পিছিয়ে ফেলে সমাজটাকে বিবর্ণ করার অপচেষ্টা। ইতিমধ্যেই এই শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে পিছিয়ে দেবার ঘোষণা হয়েছে। গোটা উচ্চশিক্ষার উৎকর্ষতাকে ভেঙে দেবার প্রচেষ্টায় সরকার। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় হাত দিচ্ছে। অধ্যাপকদের নাকি ট্রান্সফার করা হবে। সবটাই বেআইনি। জবরদস্তি। কেন মানবে মানুষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালাবার ঘোষণা হলো। আগুন লাগানো হলো। বহিরাগতদের কয়েকদিন লম্ফঝম্ফ চলল। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক-ছাত্রদের ভয় দেখানোর উগ্রতা সর্বত্র। চেতনাকে ভয় পাচ্ছে ওরা। মুক্তচিন্তা, মুক্তমন, বহুত্ববাদ, গণতন্ত্র— এ সব ওদের না পসন্দ। তাই সবক শেখাতে মুখ্যমন্ত্রী নিজে গীতাপাঠ আর হনুমান চালিশার নিদান দিলেন। তাতেও না হলে, সন্ন্যাসী নামাঙ্কিত নেংটিপরা বাহিনীকে বিশ্ববিদালয়ের গেটে পাঠিয়ে দেওয়া হলো। লজ্জিত এ রাজ্যের মানুষ। স্তম্ভিত দেশবাসী। শেষমেশ নাগা-সন্ন্যাসীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট দখল! সত্যজিৎ রায়ের নামাঙ্কিত খ্যাতনামা এসআরএফটিআই-তে বাহিরের বাহিনী পাঠিয়ে ছাত্রদের আক্রমণ! রক্তপাত! শাস্তি! প্রতিষ্ঠানটাই আপাতত বন্ধ করে দেওয়া হলো। গোটা দেশের কাছে কি বার্তা পাঠানো হচ্ছে? বিজেপি সরকারের আমলে আরএসএস এবং শিক্ষা-সমাজবিরোধী শক্তির জাগরণ। কেন? শিক্ষা এবং প্রজন্মের উপর এই ভয়াবহ আক্রমণ সইতে রাজি নয় বাংলার মানুষ।

প্রতারণার শিকার মানুষ

প্রথম ছ’মাসেই একের পর এক কীর্তি। সঙ্গত লড়াইতে চাকরিপ্রার্থীরা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় এবং ভোটের পর ইউ টার্ন। বকেয়া এবং ন্যায্য ডিএ’র প্রতিশ্রুতি দিয়ে সরকারের পিছুটান। এক মাসের মধ্যেই সাড়ে চারশো টাকার গ্যাস বিদ্যুতের মাশুল কমানোর মতো নিশ্চিত প্রতিশ্রুতি উধাও। তিন হাজার টাকার অন্নপূর্ণার আশ্বাস বহু সংখ্যক মহিলার ভোট আদায় করে সরকার এখন নিত্যনতুন বায়না করে মহিলাদের প্রতারণার দায়ে অভিযুক্ত। সীমাহীন মিথ্যাচার আর তোলাবাজিতে পূর্বতন তৃণমূল বাহিনীকে হারিয়ে দিয়েছে বিজেপি। সরকারে আসীন হবার জন্য যা যা বলল, সরকারে আসীন হয়ে ঠিক উলটো পথেই হাঁটলো বিজেপি। ভোটের আগের প্রতিশ্রুতিতে আশ্বস্ত মানুষ বিজেপি শাসনে প্রতারণার শিকার।

বিরোধী শূন্য রাজনীতি

তৃণমূল সরকার এ রাজ্যে চালু করেছিল নির্বাচিত পঞ্চায়েত, পৌরসভা দখল করা। ক’মাসের মধ্যে একই কাজ বিজেপি’র। লাগামহীন দলবদল করিয়েছিল তৃণমূল। ভয় দেখিয়ে। প্রলোভন দিয়ে। জবরদস্তি। বিরোধী শূন্য রাজনীতির অসাংবিধানিক মনোভাব। একই পথে বি‍‌জেপি। আশিটি আসন পাওয়া তৃণমূল কার্যত তিন-চার ভাগে কোথাও দিল্লির বিজেপি, কোথাও নবান্ন বিজেপি’র পোষ মানছে। নাম-গোত্র হারানো তৃণমূল। বিজেপি’র বিরোধী শূন্য তৃণমূলের পৌরবোর্ড পদত্যাগ করে চলে যাচ্ছে। নির্বাচন করার সাহস পাচ্ছে না সরকার। ফলতা, নন্দীগ্রাম, রেজিনগরে ভোট লুট। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন— ভোট করাতে জানেন। স্পষ্ট হয়ে গেল— ভোট করানো মানে সরকারি ব্যবস্থাপনায় মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। অসাংবিধানিক মনোভাবের প্রাবল্য। তৃণমূলের সাংসদ পতাকা ধরে বিজেপি-তে যুক্ত হয়ে কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি’র সাংসদ প্রার্থী। হাস্যকর অবস্থা। পশ্চিমবাংলা অতীতে এসব কখনও দেখেনি। সংবিধান রচয়িতারাও নীতি-মূল্যবোধের এত দুরবস্থা কল্পনায় আনতে পারেননি। ছ’মাসের বিজেপি শাসনের সর্বোচ্চ সাফল্য বোধহয় এটাই।

বুলডোজার আর এনকাউন্টার

আইনের শাসন কোথায়? সবই তো দলতন্ত্র। শাসকের পতাকা, পুলিশ আর বুলডোজার। তা হলেই যেন কেল্লা ফতে। তোলাবাজি আর দখলদারির লড়াই। মহিলাদের উপর অত্যাচারের বিরাম নেই। ব্যক্তি পরিসরে বেআইনি নজরদারি। গ্রেপ্তার, মিথ্যামামলা, হামলা, পুলিশ আর গুন্ডারাজ। নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। তদন্ত অথবা বিচারের ব্যবস্থা কোথায়? মানবাধিকার কোথায়? আইনের শাসনের জায়গায় বরং যোগী রাজ্যের অনুকরণে এনকাউন্টার এবং সাক্ষী লোপাট। বিপজ্জনক ইঙ্গিত মানুষ টের পেয়ে গেছে এই ছ’মাসেই।

বিভাজনের রাজনীতি

সরকারের মূল কাজ যেন বিভাজনের রাজনীতি, জাত-ধর্ম বিবেচনায় মানুষকে ভাগাভাগি করে দেওয়া। কে কি খাবে, কি পড়বে, কি ভাববে— এসবই ফতোয়া দিচ্ছে সরকার। যেমন কেন্দ্রের, তেমনই রাজ্যের। ভোটাধিকার, নাগরিকত্ব, মানুষের প্রাপ্তি এবং অধিকার, সবেতেই জাত-ধর্মের বিভাজনের চেষ্টা। সংবিধান বিরোধী এ এক ভয়ঙ্কর প্রবণতা।

শারদোৎসবকেও কলুষিত করল

ছ’মাসের মধ্যেই বিজেপি সরকার বুঝিয়ে দিল যে বাংলার শ্রেষ্ঠ উৎসবকেও কিভাবে কালিমালিপ্ত করা যায়। শারদোৎসবে ১৯জন সহ নাগরিকের প্রাণ গেল এই প্রথম। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অথবা পৌর আধিকারিকদের কোনও শাস্তি হলো? না। দখলদারি পুজো কমিটির মূল কর্তাব্যক্তিরা সব কি গ্রেপ্তার হলো? না। মানুষের প্রাণের উৎসব শারদোৎসব। মুখ্যমন্ত্রীর ঘোষণা দিয়েই বিরক্তিকর পরিবেশ শুরু হলো। এই প্রথম মানুষ দেখলো যে উৎসবের পরিবেশ কিভাবে কলুষিত করা যায়। অশান্তি, আক্রমণ, ভাঙচুর, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী-একের পর এক। বিজেপি অথবা তৃণমূলের জন্মের আগে থেকেই বাংলায় উৎসবের অঙ্গ হিসাবেই দোকান-পশরা, বই স্টল ইত্যাদি। সরকারের কাজ কী তাতে বিঘ্ন ঘটানো? বইয়ের স্টলে ভাঙচুর করা! বুলডোজার। কেন্দ্রীয় বাহিনী। কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি। পুলিশ। আক্রান্ত হলো বই। মার্কসীয় সাহিত্য, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নেতাজী, বিবেকানন্দ, ভগৎ সিং সবই। ছ’মাসের সরকার বুঝিয়ে দিল ওরা বইকে ভয় পায়। চেতনা কিংবা বহুত্বের স্বরকে ভয় পায়। লেনিন, রাহুল সংকৃত্যায়ন— সবাই ওদের ভয়ের তালিকায়। ওরা ভয় পায় শিক্ষাকে। ছাত্র-শিক্ষককে। গরিব মানুষকে। ভয় পায় বাংলার প্রতিবাদী মানুষকে। ফলে ওরা ভয় দেখায়। বই স্টলে ভাঙচুর চালায় আর উল্টোদিকে বইপ্রেমী বাংলার মানুষ বই হাতে, গান গেয়ে প্রতিরোধের ব্যরিকেড গড়ে।

বাম সরকার কোনও তুলনা চলে না

তৃণমূল এবং বিজেপি’র আগে মানুষ এ রাজ্যে বামফ্রন্টের সরকার দেখেছে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ১৯৭৭-এর সরকার প্রতিষ্ঠার ছ’মাসের মধ্যে সরকার একের পর এক কাজ করে গেছে মানুষের স্বার্থে। বিভেদ, বিভাজন, বিশৃঙ্খলা নয়। মানুষের ঐক্যের ভিত রচনা করেছে। গণতন্ত্র আর মানুষের ক্ষমতায়ন সুনিশ্চিত করতে চেয়েছে। বামফ্রন্ট সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকেই সিদ্ধান্ত হয় দলমত নির্বিশেষে সমস্ত রাজবন্দিদের মুক্তি। তাদের বড় অংশটাই তখন বামফ্রন্টের বিরোধী অবস্থানে। তা সত্ত্বেও। গোটা দেশের রাজনীতির ইতিহাসে তা ছিল নজীরবিহীন। ছ’মাসের মধ্যেই বর্গাদারদের নাম নথিভুক্তি। পশ্চিমবঙ্গ ভূমি সংশোধনী ছিল, কৃষকের ফসল নীতি, শিক্ষা অবৈতনিক করার প্রস্তাবনা। বিকেন্দ্রীকরণ এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্যোগ ইত্যাদি। তার পরে এলো হলদিয়ায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্যোগ। সরকার পরিচালনা মানে ক্ষমতার দাপট দেখানো নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতা— এই মনোভাব থেকেই বামফ্রন্ট সরকার। তৃণমূল বা বিজেপি’র সাথে তার কোনও তুলনা চলে না।

দেশ-দুনিয়ার দিকে নজর রাখা জরুরি

ফতোয়া নয়— বহুত্ববাদের মনোভাবেই বাংলা এবং ভারত। বিনিময়ে বিভাজন আর অসভ্যতার দাপট এবং দম্ভ মানুষ কখনও মেনে নেয় না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মানুষের বিক্ষোভ ক্রমশ বাড়ছে। মোদী-অমিত শা’র স্বৈরাচারী পথে চলার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ শক্তিশালী হচ্ছে। কৃষক-শ্রমিকের সংগ্রাম কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনোভাব তাকে স্পষ্ট করছে। ফ্রান্স, ইতালিতে বিক্ষোভে জেরবার সে দেশের সরকার। ডেনমার্ক, ফিনল্যান্ড, সার্বিয়া কিংবা বুলগেরিয়ার মতো দেশে নানান পট পরিবর্তন। মোদীজির বন্ধুরা একে একে সতর্কবার্তা পেয়ে চলেছেন। ব্রাজিলের বোলসেনারো, ইজরায়েলের নেতানেয়াহু ইতিমধ্যেই তা টের পেয়েছেন। ‘নমস্তে ট্রাম্প’-এর ধাক্কা প্রবল। আমেরিকার সাম্প্রতিক নির্বাচনে তা স্পষ্ট। সর্বজনীন স্বাস্থ্য আর শিক্ষার অধিকারের পাশাপাশি অর্থনৈতিক ন্যায়ের দাবিতে মানুষ ক্রমশ জোট বাঁধছে। নিউইয়র্কে মামদানির পর লস এঞ্জেলসে মেয়রের আসনে জয়ী হয়েছেন বামপন্থী নিত্যা রমন। ঘটনাক্রমে দু’জনেই ভারতীয় বংশোদ্ভূত। দেশ-দুনিয়ার দিকে সবারই নজর রাখাও জরুরি।

প্রতিরোধের শক্তি বাড়ছে

ছ’মাসের বিজেপি সরকার। প্রতিশ্রুতির বিনিময়ে শুধুই প্রতারণা! বিভাজন, চোখ রাঙানি আর অসভ্যতা। তার বিপরীতে মানুষের প্রতিবাদ বাড়ছে। সরকারের অপদার্থতা যতই বাড়ছে, মানুষের সরব প্রতিবাদ ক্রমশই প্রতিরোধের চেহারা নেবে— রাজ্যজুড়েই তার ইঙ্গিত স্পষ্ট।

 

একসময় যারা ভেবেছিলেন বামফ্রন্ট সরকারের অবসানে তৃণমূলী ফাগুনের বাতাস বইবে রাজ্যে— তাঁরা ঠকেছেন। যাঁরা ভেবেছিলেন তৃণমূলের বিকল্প বিজেপি, তারা ডাবল ঠকেছেন। তৃণমূলের মন্ত্রী প্রমোশন পেয়ে বিজেপি’র মুখ্যমন্ত্রী। তৃণমূলের বাহিনীই তিন-চার ধারায় ভাগ হয়ে শেষমেশ বিজেপি’র প্রসাদ লাভের অপেক্ষায়। চুরি-দুর্নীতি-তোলাবাজির তৃণমূলী দুর্গন্ধ গায়ে মেখেই রাজ্যে বিজেপি’র সরকার। অগণতন্ত্র, মিথ্যা, প্রতারণা আর স্বেচ্ছাচারের নামান্তর।

Comments :0

Login to leave a comment