SFI DYFI BOOKSTALL

'বই মানুষের শত্রু নয়, মানুষের বন্ধু' আমহার্স্ট স্ট্রিটে ছাত্র-যুবদের বইয়ের স্টল উদ্বোধনে বললেন বিমান বসু

কলকাতা

দীপাবলি উপলক্ষে আমহার্স্ট স্ট্রিট পোস্ট অফিসের সামনে এসএফআই রাজাবাজার-কলেজ স্ট্রিট ও ডিওয়াইএফআই উত্তর মধ্য আঞ্চলিক কমিটি 'দিনবদলের বইওয়ালা' নামে একটি বুকস্টলের আয়োজন করে। লিটিল ম্যাগাজিন আন্দোলনের অগ্ৰনী ও প্রতিবাদী কবিতার কর্ণধার স্বপন দাস- স্মরণে বুকস্টল হয়েছে এবছর। শুক্রবার বুকস্টলের উদ্ধোধন করেন এসএফআই প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু ও বিশিষ্ট অধ্যাপক পবিত্র সরকার। পাশাপাশি এদিনের উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের কর্মী কল্যাণ সেন বরাট, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিমল চক্রবর্তী সহ নেতৃত্ব।


'দিনবদলের বইওয়ালা' ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর, সকাল ১২ টা থেকে রাত ২টো পর্যন্ত চলবে। ৭ নভেম্বর এসএফআই রাজাবাজার - কলেজস্ট্রিট আঞ্চলিক কমিটির পত্রিকা 'আজকের পার্থেনন' প্রকাশ করা হবে ওই বুকস্টল‌ থেকে। সেইসঙ্গে, ৮ নভেম্বর ওয়াসিম কাপুর স্মরণ 'ওপেন ক্যানভাস' ও 'ওপেন কুইজ', ৯ নভেম্বর মরণোত্তর দেহ দান শিবির ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে যুক্তিবাদী শো, ১০ অক্টোবর বইপ্রেমীদের নিয়ে প্যানেল ডিসকাশন'র ও আয়োজন করা হয়েছে।

এদিন বিমান বসু বলেন, "বই মানুষের ক্ষতি করেনা, বই জ্ঞানের আলোর সঞ্চার করে, সভ্যতার ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে সাহায্য করে। বই মানুষের শত্রু নয় মানুষের আসল বন্ধু। দিকে দিকে বইয়ের স্টল হচ্ছে সেখান থেকে বই কিনুন, নিজে বই পড়ুন, উপহার দিন।" 
পবিত্র সরকার বলেন, "বই ছাড়া শিক্ষা হবে না । বর্তমানে বিভিন্ন প্রযুক্তি আসলেও জ্ঞানের  জন্য বইযের মতো সহজসাধ্য জিনিস হয়না ।  বই লাথি মেরে ফেলে দেওয়া কিনবা প্রণাম করার জিনিস নয় । বই পড়তে হবে, তা পড়ে প্রশ্ন করতে হবে।"

Comments :0

Login to leave a comment