Agniveers Tenure extended

কাজের মেয়াদ ২ বছর বাড়ল সেনার অগ্নিবীরদের, ভবিষৎ নিয়ে রইল প্রশ্ন

জাতীয়

সেনার ‘অগ্নিবীর’-দের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। তবে দু’বছর পর সেনায় নিযুক্ত এই কর্মীদের ভবিষ্যৎ কী হবে তা অনিশ্চিতই রয়েছে। 
নরেন্দ্র মোদী এবং বিজেপি মুখে দেশপ্রেমের বন্যা বইয়ে দিলেও তাদেরই সরকার দেশে প্রথম সেনায় সশস্ত্র পদে নিয়োগও চুক্তিভিত্তিক করে দেয়। চুক্তিতে সেনা নিয়োগের এই প্রকল্প ‘অগ্নিপথ’। এই প্রকল্পের নিযুক্তদের ‘অগ্নিবীর’ নাম দেওয়া হয়। এই প্রকল্পেরই প্রথম ব্যাচের নিযুক্তদের চার বছরের মেয়াদ ২০২৬ সালে শেষ হচ্ছে। মূল প্রকল্প অনুযায়ী এই বাহিনীর ২৫ শতাংশ সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে নিযুক্ত হবে। এদিন বাকি ৭৫ শতাংশের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 
এই সময়সীমা শেষে, নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়মিত বাহিনীতে যোগ দেওয়ার আরও একটি সুযোগ দেওয়া হবে।
তবে, যারা শেষ পর্যন্ত সামরিক বাহিনী ছেড়ে চলে যাবেন, তাদের কী হবে তা নিয়েও বহু প্রশ্নের সৃষ্টি হয়েছে। অসামরিক কাজে তাঁরা কোথায় যুক্ত হবেন, সেই কাজেরই বা শর্ত কী, সে সব প্রশ্নের উত্তর অজানাই রয়েছে।
ছত্তিশগড়ে সাম্প্রতিক ঘটনাবলি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৬ সালের জুলাই মাসে ‘কমন এন্ট্রান্স এক্সামিনেশন’-এর ফলাফল ঘোষণার পর, ২০২৭ সালের জানুয়ারি মাসে রাজ্যের ৩৩টি জেলা জুড়ে ‘অগ্নিবীর’ ক্যাটাগরির জন্য নতুন নিয়োগ র‍্যালি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। একদিকে যেমন কর্মরত একটি ব্যাচ সেনাবাহিনীতে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ পাচ্ছে, অন্যদিকে আরেকটি ব্যাচ সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে এই পরীক্ষায় নির্বাচিতরা কাজ পাবেন কবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
৪ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল রাজা সুব্রামানি জানিয়েছেন যে, অগ্নিপথ প্রকল্পের সংশোধিত নির্দেশিকা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রকল্পের প্রস্তাবিত সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনসহ বিস্তারিত নির্দেশিকা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে, এটি প্রকাশের কোনও সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

Comments :0

Login to leave a comment