Gyanesh Kumar Meme US Election

‘ভাই, জ্ঞানেশ কুমারকে পাঠাও’, মোদীকে বলছেন ট্রাম্প, বন্যা মিমের

জাতীয়

ছড়িয়ে পড়া বহু কৌতুক চিত্রের একটি। সৌজন্যে: ফেসবুক

‘‘জ্ঞানেশ কুমার থাকলে ট্রাম্পকে কখনও এই পরিস্থিতির মুখে পড়তে হত না।’’ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের শোচনীয় পরাজয়ের পর বুধবার সমাজমাধ্যমে এমনই নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ও মিমের ছড়াছড়ি দেখা গেল। আমেরিকার ভোটের ফল বেরতেই ভারতের সোশাল মিডিয়ায় ছড়ালো এমন একের পর এক মিম।
কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিষেক দীপকে, সমাজকর্মী তথা আইনজীবী প্রশান্ত ভূষণ-সহ একাধিক সমাজমাধ্যম ব্যবহারকারী মার্কিন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেছেন। ভারতে ভোটার তালিকার অনিয়ম এবং ‘ভোট চুরি’ বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি।
একটি এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ট্রাম্পের এখন খুবই প্রয়োজন একজন জ্ঞানেশ কুমারকে। অভিষেক দীপকে লিখেছেন, ‘‘জ্ঞানেশ কুমার থাকলে ট্রাম্পের সঙ্গে এমনটা কখনওই হত না।’’
একটি মিমে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির কাছে এসে ট্রাম্প বলছেন, ‘‘ভাই, জ্ঞানেশকে আমার কাছে দিয়ে দাও।’’ অন্য একটি ব্যঙ্গাত্মক পোস্টে দাবি করা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল পিছিয়ে পড়তেই জ্ঞানেশ কুমার আমেরিকা যাচ্ছেন। আর একটি পোস্টে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধে আমেরিকায় নির্বাচন পরিচালনার প্রশিক্ষণ দিতে যাচ্ছেন গনেশ কুমার।
উল্লেখ্য, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে পেয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের গভর্নর পদেও জয় পেয়েছে তারা। টেক্সাস, জর্জিয়া ও আইওয়ার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও পরাজয়ের মুখে পড়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
ট্রাম্পের ইরান-নীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং ডিজেলের উচ্চমূল্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষোভই এই পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
ভারতে ভোটার তালিকার অনিয়ম নিয়ে বিরোধীদের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির মধ্যেই মার্কিন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এই মিম-যুদ্ধ শুরু হয়েছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, বিরোধীরা নির্বাচনে পরাজয়ের অজুহাত হিসেবে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে।

Comments :0

Login to leave a comment