তপন বিশ্বাস: ইসলামপুর
খেলাধুলা আর হাসিখুশিতে মেতে থাকার বয়সেই অকালে ঝরে গেল তিনটি শিশুকন্যার প্রাণ। ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে গিয়েই আচমকা ধস নেমে মাটির স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিন নাবালিকার। বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুরের পার্শ্ববর্তী বিহারের কিসানগঞ্জ জেলার নেপাল সীমান্তবর্তী হরুয়াডাঙ্গা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শিশুর নাম নাগমা প্রবীণ (১০), নিশা প্রবীণ (৯) এবং রুবি খাতুন (৮)। সম্পর্কে তারা তুতো বোন।
সকালে পরিবারের কুঁড়েঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে তিন শিশু একটি বড় গর্তে নেমেছিল। সেখানে মাটি খোঁড়ার কাজ চলাকালীন আচমকাই উপর থেকে মাটির একটি বিশাল অংশ ভেঙে তাদের উপর পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তিন শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। আচমকা এই বিপর্যয়ে হতভম্ব হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় মাটি সরিয়ে তিন শিশুকে উদ্ধারের মরিয়া চেষ্টা। দীর্ঘ চেষ্টার পর তাদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের তিন শিশুর এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনরা।
ঘটনার খবর পেয়ে দীঘলব্যাংক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিন শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিসানগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মহকুমা শাসক অনিকেত কুমার। তিনি মৃত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
Kisanganj Children
কিসানগঞ্জে মাটি চাপা পড়ে প্রাণ গেল একই পরিবারের তিন শিশুকন্যার
বিহারের কিসানগঞ্জে নেপাল সীমান্তবর্তী হরুয়াডাঙ্গা গ্রামে এই গর্তেই মাটি চাপা পড়ে তিন শিশু।
×
Comments :0