এসএফআই অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মঙ্গলবার মেটার তরফে স্থগিত করে দেওয়া হয়। এই ঘটনাটি ছাত্র ও তরুণদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার এক উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে, প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে এসএফআই কেন্দ্রীয় কমিটি।
সেইসঙ্গে, মেটার'র তরফে এসএফআই অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিকভাবে স্থগিত করার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
প্রেস বিবৃতিতে বলা হয়, ডিজিটাল সেন্সরশিপের এই ঘটনাটি যারা শিক্ষাগত অধিকার, ছাত্র সংগ্রাম এবং ক্যাম্পাসের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পেতে এই প্ল্যাটফর্মটির উপর নির্ভর করতো অন্ধ্রপ্রদেশের তেমন হাজার হাজার ছাত্রছাত্রীর কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছে।পাশাপশি, এই স্থগিতাদেশ আসলে ভারতের সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠিত হওয়ার অধিকারের উপর একটি সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, পূর্বতন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে ইনস্টাগ্রাম এসএফআই দিল্লির অফিসিয়াল অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেয়। সেই সময়, এসএফআই ওই ঘটনার বিরুদ্ধে আপিল করলে, ইনস্টাগ্রাম দুই দিনের মধ্যেই সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই, এসএফআই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়।
এসএফআই দিল্লির ওই ঘটনার পাশাপাশি, আরও অনেক কমিটি ও নেতার অফিসিয়াল অ্যাকাউন্টও মেটা-র পক্ষ থেকে একই ধরনের স্থগিতাদেশ ও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।
এসএফআই'র তরফে বলা হয়েছে যে এভাবে এসএফআইকে চুপ করানো যাবে না। শিক্ষাগত অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম রাস্তায় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় ক্ষেত্রেই চলতে থাকবে। সেইসঙ্গে, এসএফআই অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অবিলম্বে পুনরুদ্ধার করার দাবি জানিয়েছে এসএফআই। এছাড়াও, ছাত্র-যুব সংগঠন এবং রাজনৈতিক ভিন্নমতের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমের অপব্যবহার রোধ করতে মেটাকে তার কন্টেন্ট মডারেশন নীতি পর্যালোচনা করতে হবে বলেও দাবি জানিয়েছে এসএফআই।
Comments :0