Sujan Chakrabarty

দম থাকলে কিষেণজীর মৃত্যুর কারণ খুঁজে বের করুন, শুভেন্দুর মন্তব্যে বললেন সুজন চক্রবর্তী

রাজ্য

নন্দীগ্রাম তদন্তে রিপোর্ট দিয়েছিল সিবিআই। পারলে সেই রিপোর্ট দেখে নিন মুখ্যমন্ত্রী। কিষেণজীর মৃত্যু কিভাবে, দম থাকলে খুঁজে বের করুন মুখ্যমন্ত্রী।
শনিবার শুভেন্দু অধিকারীর ভাষণের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
শনিবার, ৩১ অক্টোবর, গড়বেতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘বাম আমলের ফাইল খোলার’ হুমকি দেন। গড়বেতায় ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে তিনি বলেন, ‘‘বাম আমলের অপরাধের ফাইল খুলব। গড়বেতায় সিপিএম অফিস থেকে বন্দুক নিয়ে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় ঘটাতে গিয়েছিল, তাদের কেস রিওপেন করব।’’ 
এই প্রসঙ্গে এক প্রশ্নে চক্রবর্তী বলেন, ‘‘২০০৭ সালের মামলা ফের খোলা হবে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্ট একবার দেখে নিন মুখ্যমন্ত্রী। ওই ফাইল খোলার সাহস পায়নি তৃণমূল সরকার। সে সময় তিনি তৃণমূলের নেতা। তৃণমূলকে সরকারে দেখতে চেয়েছিল কিষেণজী। সেই কিষেণজীর মৃত্যু কিভাবে, খুঁজে বের করুন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি কিষেণজীকে সাহায্য করেছিলেন কিভাবে সব বের হবে। পারলে সেই কেস-ও রিওপেন করুন।’’


সিপিআই(এম) নেতা তপন ঘোষ, সুকুল আলি, সুশান্ত ঘোষের নাম নিয়ে এদিন ভাষণে হুমকির সুরে কথা বলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে মাওবাদীদের ডেকে এনে হিংসা ছড়ানোর পর্বে তিনি ছিলেন তৃণমূলেই মমতা ব্যানার্জির সঙ্গে। তৃণমূল সরকারের আসীন হওয়ার পর মাওবাদী নেতা কিষেণজীকে ‘এনকাউন্টার’ করেছিল পুলিশ। তখন মমত্যা ব্যানার্জির সরকারে মন্ত্রী শুভেন্দু অধিকারী।    
চক্রবর্তী বলেন, ‘‘শুভেন্দুবাবু সিপিআই(এম)-কে ভয় পাচ্ছেন। বামপন্থীদের ভয় পাচ্ছেন। যেখানে যাচ্ছেন বামপন্থীদের নামে বলে আসছেন। আজকে গড়বেতায় তপন-সুকুরের নামে বলেছেন, গতকাল বারুইপুরে লাহেক আলির নামে বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন পৌরভোটে নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ ঠিকভাবে ভোট দিলে আর মানুষের ভোটের অধিকার যদি ঠিকভাবে রক্ষা করা যায়, তাহলে কোনো সন্দেহ নেই মানুষ তৃণমূল, বিজেপি’র বিরুদ্ধে মানুষ রায় দেবেন। ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, সেই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই বৈধতার হিসাব রাস্তায় নেমেই নেওয়া হবে।’’
চক্রবর্তী বলেন, ‘‘পুলিশ আইন অনুযায়ী চলছে না। তারা চলছে মুখ্যমন্ত্রীর কথায়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন তপন-সুকুরকে থানায় দেখতে চান নাকি জেলে দেখতে চান। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে তা করুক এবং সেটা করার পর বাকি যা ব্যবস্থা করার তা আমরা করব।’’
শুভেন্দু অধিকারী এধিন অভিযোগ করেন যে সিপিআই(এম) এবং তৃণমূল মিলে নৈরাজ্য ফিরিয়ে আনতে চাইছে।
তার জবাবে চক্রবর্তী বলেন, ‘‘মমতা ও শুভেন্দু মিলে সিপিআই(এম)-কে সরানোর পরিকল্পনা করেছিলেন। বলেছিলেন লাল পতাকা কোথাও দেখা যাবে না। মমতা-শুভেন্দুর সেই কথা মেলেনি। এখন মমতাকে পাওয়া যাচ্ছে না। শুভেন্দুর কথা যে ভুল তা প্রমাণিত হবে।’’
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চক্রবর্তীর মন্তব্য, ‘‘তৃণমূলকে বাঁচাচ্ছে দিল্লিতে আপনার গডফাদাররা। আর আপনি আপনার গডফাদারদের বাঁচাতে পারবেন না। মানুষ হিসেব বুঝে নেবে।’’

Comments :0

Login to leave a comment