২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো আম আদমি পার্টি (আপ)। শুক্রবার ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে পাঞ্জাবের শাসক দল। তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গতবারের মতো এবারও ধুরি বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান লড়বেন কোটকাপুরা কেন্দ্র থেকে।
তবে এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে জেলবন্দি মন্ত্রী সঞ্জীব অরোরার নাম। লুধিয়ানা পশ্চিম কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে আপ। চলতি বছরের মে মাসে আর্থিক তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। বর্তমানে গুরুগ্রামের ভোন্ডসি জেলে বন্দি রয়েছেন তিনি।
অভিযোগ, হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত প্রায় ১০০ কোটি থেকে ১৫৭.১২ কোটি টাকার আর্থিক তছরুপ এবং ভুয়ো জিএসটি বিল তৈরির চক্রের সঙ্গে জড়িত ছিলেন সঞ্জীব অরোরা। ওই সংস্থার প্রাক্তন চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। ভুয়ো রপ্তানি, অস্তিত্বহীন সংস্থা এবং আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগও রয়েছে। যদিও আপের দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ করেছে।
প্রার্থী বাছাই নিয়ে শুক্রবার দিল্লিতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ সিসোদিয়া-সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা। বৈঠকের পরেই ৪০ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
আগেভাগে প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্তকে দলের প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতিফলন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘প্রার্থীদের নাম আগাম ঘোষণা আমাদের দৃঢ় প্রস্তুতি, স্বচ্ছতা এবং মানুষের জন্য আমরা যে কাজ করেছি, তার প্রতি অবিচল আস্থার প্রতীক।’ তালিকা প্রকাশের পর প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও।
২০২৭ সালের গোড়ায় পাঞ্জাব বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ১১৭ আসনবিশিষ্ট বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ১৬ মার্চ। ফেব্রুয়ারি-মার্চ মাসে ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি।
বর্তমানে পাঞ্জাব বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা ৯৫। ২০২২ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল দলটি। আগামী নির্বাচনে সেই সাফল্য ধরে রাখাই এখন আপ নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের প্রায় পাঁচ মাস আগে প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারের প্রস্তুতি শুরু করে দিল শাসক দল।
AAP punjab
পাঞ্জাবে ২০২৭ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু আপের, ৪০ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ
×
Comments :0