মিনাখাঁ বিধানসভার কুলটির পর সোনাপুকুর শঙ্করপুর। ফের ক্লাব দখলকে কেন্দ্র করে বিজেপির আদি নব্যের সংঘাত। অন্তঃসত্ত্বা মহিলা সহ আহত ৬। এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা সহ ছয়জন। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বসিরহাটের হাড়োয়া থানার সোনাপুকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকার গোলপার্কে। আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলপার্ক এলাকায় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। অভিযোগ, ওই ক্লাবের দখল কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে। ক্লাবের নিয়ন্ত্রণ হাতে থাকলে এলাকার মেছো ভেড়ির লিজের টাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখা ও তা আত্মসাৎ করার সুযোগ থাকে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতদিন ক্লাবটি তৃণমূল কর্মীদের দখলে ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপির নব্য গোষ্ঠী ক্লাবটির দখল নেয়। এরপর গত কয়েক দিন ধরে বিজেপির আদি গোষ্ঠী ক্লাবটি পুনরায় নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই দখলদারিকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চরমে ওঠে। বুধবার রাতে সেই বিবাদ সংঘর্ষের চেহারা নেয়। ঘটনায় এক অন্তঃসত্ত্বা মহিলা। সহ মোট ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির উপর নজর রাখতে এলাকায় পুলিশি টহল চলছে। তবে সংঘর্ষের ঘটনায় কোনও পক্ষের বক্তব্য জানা যায়নি।
প্রসঙ্গত চলতি সপ্তাহে এই হাড়োয়া থানার অধীন মিনাখাঁ বিধানসভার কুলটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছি গ্রামে ক্লাবের দখল নিয়ে ধুন্ধুমার কান্ড ঘটে যায় বিজেপির আদি ও নব্যের মধ্যে। উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় ৫-৬ জন। ঘটনার ৭২ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই সেই মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাক্ষ্মণচকে অর্থাৎ বিধায়ক উষারানী মণ্ডলের খাস তালুকে ঘটে যাওয়া ক্লাব দখলের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন উঠতে শুরু করেছে।
BJP Clash in Haroa
হাড়োয়ায় বিজেপির গোষ্ঠী সংঘর্ষে অন্তঃসত্ত্বা মহিলা সহ আহত ৬
×
Comments :0