CJP Ramlila Rally INDIA

ইন্ডিয়া-র ডাকে রামলীলার সমাবেশকে সমর্থন ককরোচের

জাতীয়

ইন্ডিয়া’ ব্লকের সমাবেশকে সমর্থন জানালো ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে এই সমাবেশে লক্ষাধিকের সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বন্ধের মতো দাবিতে সমাবেশ ডেকেছে ‘ইন্ডিয়া’।
বুধবার, ২৮ অক্টোবর, সিজেপি’র অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রামলীলার সমাবেশের সমর্থনে বিবৃতি দিয়েছেন। ‘এক্স’ পোস্টে অভিজিৎ লিখেছেন ‘জ্ঞানু মাস্ট গো’। বিবৃতিতে সিজেপি বলেছে, গণতন্ত্রের মৌলিক নীতি হলো জনতা ভোটের মাধ্যমে সরকারকে বেছে নেবে। তার বদলে সরকারই ভোটের আগে বেছে নিচ্ছে ভোটদাতাদের।
সিজেপি বলেছে, ‘‘এসআইআর প্রক্রিয়ায় গণতন্ত্রের মৌলিক নীতিকেই অগ্রাহ্য করা হচ্ছে। একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন পরিচালনার জন্য যে আস্থা প্রয়োজন তা হারিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফলে তাঁর পদত্যাগ করা জরুরি।’’
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রত্যেকের ভোটাধিকারের পক্ষে লড়াই করেছিলেন ডঃ বি আর আম্বেদকর। ধর্ম, বরণ নির্বিশেষে সব প্রাপ্তবয়স্কের সমান ভোটাধিকার সংবিধানে স্বীকৃত।’’ 
রামলীলা ময়দানে সমাবেশের অনুমতি দিলেও একগুচ্ছ শর্ত চাপিয়েছে দিল্লি পুলিশ। আরেকদিকে অশোকা হোটেলে জ্ঞানেশ কুমারের জন্য প্রতীকী সংসদে ‘জনতার ভর্ৎসনা’ কর্মসূচির অনুমতি বাতিল করা হয়েছে।

Comments :0

Login to leave a comment