Eviction Notice

রেলের উচ্ছেদ নোটিশ কোচবিহারে, ঘর হারানোর আশঙ্কায় ৭০টির বেশি পরিবার

জেলা

রাজ্যে নতুন সরকার শপথ গ্রহণ করার পরই নিউ কোচবিহার স্টেশনে হকার উচ্ছেদ অভিযান চালায় রেল। নিমেষের মধ্যে কর্মহীন হয়ে পড়েন কয়েক শতাধিক হকার। আজ পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা হয়নি তাদের। এই পরিস্থিতির মধ্যেই এবার রেল বস্তি উচ্ছেদের জন্য কোমর বেঁধেছে রেল দপ্তর। ইতিমধ্যেই রেলের নোটিশ পৌঁছে গিয়েছে কোচবিহার শহরের ১০নং ওয়ার্ডের বিবেকানন্দ ষ্ট্রীট সংলগ্ন রেল বস্তিবাসীদের কাছে। আগামী ১০দিনের মধ্যে স্বইচ্ছায় বস্তিবাসীরা সংশ্লিষ্ট এলাকা ফাঁকা না করে দিলে রীতিমতো বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযানে সামিল হবে রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে কার্যত দিশেহারা এই বস্তিতে বসবাসকারী ৭০টির বেশি পরিবার।
৪০বছর পেরিয়ে গেছে এই রেল বস্তিতেই। এখানেই সংসার পেতেছেন তারা। পেশায় কেউ টোটো চালক, কেউ অসংগঠিত শ্রমিক, কেউ লটারি বিক্রেতা। সামান্য উপার্জনেই  এই রেল বস্তিতে সংসার প্রতিপালন করে চলেছেন বস্তিবাসী পরিবারগুলির প্রধানেরা। কোন পরিবারের মহিলারা যুক্ত পরিচারিকার কাজের সাথে। স্বল্প আয়েই জীবন ধারণ করে চলেছেন তারা। অন্ধকার নামলেই জ্বলে ওঠে পথবাতি, বৈদ্যুতিক আলো জ্বলে বস্তির পাশের বড় বড় বাড়িতে। কিন্তু রেল লাইনের পাশে অন্ধকারের মধ্যেই মোম কিংবা লন্ঠনের আলোতেই রাত্রি যাপন হয় তাদের। প্রচন্ড গরমে ঘর থেকে বেরিয়ে রেললাইনের ধারেই শুয়ে পড়েন তারা। কিন্তু তারপরেও এই বস্তি ছেড়ে চলে যাবার চিন্তা কখনও আসেনি তাদের মনে। কারণ বস্তি ছাড়লে ঠিকানাহীন হয়ে পড়বেন তারা। বস্তিবাসীদের বক্তব্য, রেল যদি অগত্যাই তাদের উচ্ছেদ করে, তাহলে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তাদের। তা না হলে সন্তান-সন্ততি নিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবেন তারা। জেলা প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন এই বস্তিবাসীরা। তারা বলেন, দীর্ঘদিন যাবত এই এলাকায় বসবাস করছেন। তাদের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এই প্রেক্ষাপটে মানবিকতার সাথে সমস্যা সমাধান করা হোক তাদের।
রেলের এই অমানবিক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে পশ্চিমবঙ্গ বস্তির উন্নয়ন সমিতি কোচবিহার জেলা সম্পাদক সাধন দেব বলেন, প্রথমত রেল এই বস্তিবাসীদের সরে যাওয়ার ক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দিয়েছে, তা যথেষ্ট নয়। এই সময়সীমা বৃদ্ধি করা এবং সকল বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রেল কর্তৃপক্ষকে। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে কোন ভাবেই উচ্ছেদ করা যাবে না এই বস্তিবাসীদের।

Comments :0

Login to leave a comment