Sarisha TMC Office Cash Recovered

সরিষায় তৃণমূলের দপ্তরে থেকে উদ্ধার ১ কোটির বেশি নগদ টাকা

জেলা

ছবি প্রতীকী।

অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। বুধবার ভোরে পুলিশ তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। বুধবার এ খবর জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার। তিনি বলেন, ডায়মন্ডহারবারের সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধৃত আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জানার পর তল্লাশি চালিয়ে এতো বিপুল টাকার হদিস মিলেছে বলে জানা গিয়েছে। 
জানা গিয়েছে, অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক, তৃণমূলের যুব নেতা শামিম আহমেদের  কার্যালয় হিসেবে পরিচিত সরিষার এই তৃণমূলের দপ্তর। তৃণমূলের স্থানীয় এই পার্টি দপ্তর থেকে নগদ বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্থানীয় মানুষদের ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকলেই হতবাক হয়ে প্রশ্ন তুলেছেন এতো টাকা তৃণমূলের এই কার্যালয়ে রাখা হয়েছিল কেন। কোথা থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা এলো। কারা, কেন এই টাকা তৃণমূলের কার্যালয়ে রেখে দিয়েছিল। 
ডায়মন্ডহারবারের এসডিপিওর নেতৃত্বে বুধবার ভোরে সরিষায় তৃণমূলের ওই কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার করে। পুলিশ হেপাজতে থাকা ধৃত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে জানার পর পুলিশ তল্লাশি চালায়। এই টাকার উৎস এবং কারা কারা এই টাকার সঙ্গে যুক্ত তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার এদিন জানিয়েছেন। এই টাকার উৎস সম্পর্কে ধৃত সুমিত রায়কে জেরা করে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার আধিকারিকরা। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল টাকা উদ্ধারের পর এদিন সাংবাদিক সম্মেলন করেন পুলিশ আধিকারিকরা।‌

Comments :0

Login to leave a comment