মজুরি ও বোনাস প্রদান নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিভ্রান্তিকর। গুজবে কান না দেওয়ার জন্য শ্রমিক ও নিয়োগকর্তাদের সতর্ক করে এ কথা বলল গৌতম বুদ্ধ নগরে উত্তর প্রদেশের শ্রম দপ্তর। এ বিষয়ে কোনও তথ্য জানতে হলে সরকারি সূত্রের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই নয়ডাতেই মজুরি-বোনাস এবং কাজের সময়ের দাবিতে উত্তাল শ্রমিক আন্দোলন হয়েছে কয়েকমাস আগে। বিজেপি সরকারের পুলিশের সঙ্গে টানা লড়াই করেছেন শ্রমিকরা। সিআইটিইউ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন সামনা সামনি লড়াইয়ে অংশ নিয়েছে
বৃহস্পতিবার এক বিবৃতিতে অতিরিক্ত শ্রম কমিশনার রাকেশ দ্বিবেদী জানান, মজুরি ও বোনাস নিয়ে সোশাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে ভুয়ো ও বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে। এই ধরনের দাবির কোনও বাস্তব বা আইনি ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে অকারণে বিভ্রান্তি তৈরি করছে। এর ফলে শিল্পক্ষেত্রে শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে, মজুরি ও বোনাস সংক্রান্ত তথ্যের জন্য শ্রমিক এবং নিয়োগকর্তাদের শুধুমাত্র সরকারি সূত্র অথবা শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। গুগল ও চ্যাটজিপিটির মতো অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া তথ্য নির্ভরযোগ্য বলে বিবেচনা করা উচিত নয়।
বোনাস পাওয়ার যোগ্যতা সম্পর্কে শ্রম দপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট অর্থবর্ষে কোনও কর্মীকে অন্তত ৩০ দিন কাজ করতে হবে। তাঁর মাসিক বেতন ২১ হাজার টাকার বেশি হওয়া চলবে না। সংশ্লিষ্ট সংস্থায় অন্তত ২০ জন কর্মী থাকতে হবে এবং সংস্থাটির পাঁচ বছরের বেশি সময় ধরে চালু থাকা প্রয়োজন।
শ্রম দপ্তর বলেছে, বোনাসের পরিমাণ নির্ধারিত হয় বণ্টনযোগ্য উদ্বৃত্তের ভিত্তিতে। আইন অনুযায়ী, বোনাসের হার সর্বনিম্ন ৮.৩৩ শতাংশ এবং সর্বোচ্চ ২০ শতাংশ। নিয়োগকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষানবিশরা বোনাস পাওয়ার যোগ্য নন। ২০২৬ সালের ১ এপ্রিলের পরে নিযুক্ত কর্মীরা নির্ধারিত শর্ত পূরণ করলে পরের বছর বোনাস পাবেন।
বোনাস সংক্রান্ত কোনও অভিযোগ বা সমস্যা থাকলে গৌতম বুদ্ধ নগরের সংশ্লিষ্ট শ্রম দফতরে যোগাযোগ করতে পারবেন কর্মীরা। এ জন্য একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে—৮৭৯৬৩৫৫২১৬।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে নয়ডায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। ফেজ-২ এলাকায় সেই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোড়া, গাড়ি ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
Bonus NOIDA
বোনাস নিয়ে আশঙ্কা সেই নয়ডায়, শ্রমিকদের বার্তা উত্তর প্রদেশের শ্রম দপ্তরের
গত এপ্রিলে নয়ডায় প্রতিবাদী শ্রমিকদের এমন ছবি ছড়িয়েছে দেশজুড়ে।
×
Comments :0