কালিম্পং জেলার চালতা ফরেস্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক ছোট-বড় গাছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে।আগুনের লেলিহান শিখা দেখে চরম আতঙ্কিত স্থানীয় বাসিন্দা এবং পরিবেশপ্রেমীমহল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালতা ফরেস্ট এলাকার একটি অংশের শুকনো কাশবনে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।সেখান থেকেই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পার্শ্ববর্তী বড় জঙ্গলে ছড়িয়ে পড়ে।তবে ঠিক কী কারণে এই আগুন লাগল,তার প্রকৃত কারণ এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
এই ঘটনার ফলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের মতে,জঙ্গলের সংলগ্ন পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।এছাড়া চালতা ফরেস্টে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর অবাধ বিচরণ রয়েছে।দাবানলের মতো এই আগুনে তাদের স্বাভাবিক আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে,তেমনই প্রাণ বাঁচাতে বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এই ঘটনায় পরিবেশের ব্যাপক ও অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশপ্রেমীরা।তাঁদের জোরালো দাবি,অবিলম্বে প্রশাসন ও বনদপ্তরের তৎপরতায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে।পাশাপাশি,এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না,তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।জঙ্গল ও বন্যপ্রাণী সুরক্ষায় অবিলম্বে স্থায়ী ও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে বিভিন্ন মহল।
Comments :0