আমেরিকার দালাল সংস্থাকে মোটা টাকার বিনিময়ে ভাড়া করছে নরেন্দ্র মোদী সরকার। আমেরিকার আইনি প্রক্রিয়ায় জমা তথ্যেই বেরিয়ে পড়েছে এই কার্যকলাপ।
আমেরিকার বিদেশি এজেন্ট নথিভুক্তি আইন বা এফএআরএ-এ তথ্য দিতে গিয়ে এই ঘটনা ফাঁস করেছে আমেরিকার একাধিক দালাল সংস্থা, যাদের কাজ খদ্দেরদের হয়ে শীর্ষ প্রশাসনিক স্তরে কথাবার্তা চালানো।
গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার জন্য অভিনন্দন বার্তা দিয়েছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতির সোশাল মিডিয়ায় এই পোস্টটির আয়োজন করা হয়েছিল। এবং তা হয়েছিল টাকার বিনিময়ে।
এই দালালি সংস্থা ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’, যা আমেরিকায় ‘লবিয়িং ফার্ম’ হিসেবে ব্যবসা করে, মাসে ৭৫ হাজার ডলারের বিনিময়ে তাদের ভাড়া করেছে ভারত। এদের কাজ সরকারি স্তরে নিজেদের পরিষেবার ক্রেতাদের জন্য তদ্বির চালানো।
৭৫ হাজার ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ ৪৩ হাজার টাকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস-র একটি প্রতিবেদনে ভারতের সরকারি স্তর থেকে আমেরিকায় তদ্বির চালানোর জন্য দালাল সংস্থা ভাড়া করার খবর দেওয়া হয়েছে।
এই ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ সংস্থার উচ্চপদে আসীন থেকেছেন ট্রাম্পের নিজের ঘনিষ্ঠরা। যার মধ্যে রয়েছেন সুসি উইলস। এতদিন উইলস ট্রাম্পের চিফ অব স্টাফ ছিলেন হোয়াইট হাউসে। সদ্য তাঁকে সরিয়ে জ্যাসন মিলারকে এই দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এই মিলারের লবিয়িং সংস্থার সঙ্গেও ভারত চুক্তি করেছিল।
বিদেশি এজেন্ট নথিভুক্তি আইনে জ্যাসন মিলারের সংস্থা ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ জানিয়েছে যে ভারত সরকার এবং আমেরিকার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউসের উচ্চপদ্সথ কর্তাদের সঙ্গে আটবার ফোনে কথা বলানোর ব্যবস্থা করা হয়েছিল। চলতি বছরে মে এবং জুনে টেলিফোনে কথোপকথন হয়। আইনে নথিভুক্তির সময় মিলারের সংস্থা একে ‘রাজনৈতিক কার্যকলাপ’ বলে দেখিয়েছে।
মিলার বিভিন্ন সময়ে অভিবাসী ভারতীয়দের তীব্র বিরোধিতা করে মন্তব্য করেছেন। বস্তুত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ‘এইচ ওয়ান বি ভিসা’ তুলে দেওয়ার পক্ষে সওয়ালও করেছেন। তারই সংস্থার সঙ্গে মাসে দেড় লক্ষ ডলারের চুক্তি করেছিল ভারতীয় দূতাবাস।
US Lobbying Firm India
আমেরিকার দালাল সংস্থাকে মোটা টাকায় ভাড়া করছে মোদী সরকার
×
Comments :0