Anniversary of the November Revolution in Jalpaiguri

যথাযথ মর্যাদায় জলপাইগুড়িতে উদযাপন নভেম্বর বিপ্লব বার্ষিকী

জেলা

যথাযথ মর্যাদায় জলপাইগুড়িতে উদযাপিত মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী।।

যথাযথ মর্যাদায় জলপাইগুড়িতে উদযাপিত হল মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী। শনিবার ডিবিসি রোডে সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা দপ্তরে পার্টির রক্তপতাকা উত্তোলন করেন রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য। বক্তব্য রাখেন জেলা সম্পাদক পীযূষ মিশ্র। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য। মহামতি লেনিন এবং সমাজতন্ত্র ও লাল পতাকার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে শহিদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত পার্টি কর্মীরা।
সলিল আচার্য বলেন, রাশিয়ার বুকে মহামতি লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লব মার্কসবাদকে বাস্তবায়িত করার পথ দেখিয়েছিল। জারের শাসন উচ্ছেদ করে শ্রমজীবী মানুষের শাসন প্রতিষ্ঠার ইতিহাস বিশ্বের মুক্তির সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনেও নভেম্বর বিপ্লবের প্রভাব ছিল। এদিন শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, জলপাইগুড়ির মাটিতে শ্রমিক-কৃষক ঐক্যের মধ্য দিয়ে তেভাগা আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে। কৃষক, রেল শ্রমিক ও চা শ্রমিকরা একত্রিতভাবে জমিদার, ব্রিটিশ শাসক ও পুলিশের বিরুদ্ধে লড়াই করেছেন। ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলে প্রতিক্রিয়াশীল ও কর্পোরেট স্বার্থের সরকারের বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। নভেম্বর বিপ্লবের শিক্ষা আজও প্রাসঙ্গিক।
জলপাইগুড়ি জেলা শহরের বিভিন্ন পার্টি দপ্তর, শ্রমিক মহল্লা ও এলাকায় রক্তপতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। গণশক্তি পত্রিকার বিশেষ সংখ্যা বেশি সংখ্যায় বিক্রির উদ্যোগও নেওয়া হয় জলপাইগুড়ি জেলা শহরে।

Comments :0

Login to leave a comment