Abhishekh Banarjee

অভিষেক ব্যানার্জির জন্মদিনের মধ্যরাতে কালীঘাটে উত্তেজনা, পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

রাজ্য কলকাতা

কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির জন্মদিনের মধ্যরাতের উদ্‌যাপন ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের উপর হামলা এবং একাধিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চারটি এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষে কারা কারা জড়িত, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে রাত ২টো থেকে সাড়ে ৩টের মধ্যে কালীঘাট তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ দুটি এফআইআর দায়ের করেছে। তার মধ্যে একটি এফআইআরে অভিষেক ব্যানার্জির নামও রয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও রাজনৈতিক সংঘাতের জেরে আরও দুটি অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ। অন্যদিকে, বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগের ভিত্তিতে অভিষেক ব্যানার্জি-সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে পাল্টা মামলা দায়ের হয়েছে। 
অন্যদিকে, শনিবার রাত ২টো নাগাদ কালীঘাট অভিষেকের বাড়িতে হামলার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। অভিষেকের অভিযোগ, দু'দিন ধরে এলাকায় রেইকি করার পর একদল ব্যক্তি তার বাড়ি ও অফিসকে নিশানা করে। ওই ব্যক্তিদের 'বিজেপির গুন্ডা' বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এরই মধ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আরও একটি পৃথক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগ, অভিষেকের কনভয় নিয়মিতভাবে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে। তার দাবি, কনভয়ের নিরাপত্তারক্ষীরা চলন্ত গাড়ির বাইরের ফুটরেস্টে ঝুলে থাকেন এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানো হয়।
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং মোটর ভেহিকেলস আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী মোটর ভেহিকেলস আইনের ১২৩ নম্বর ধারার উল্লেখ করেছেন। এই ধারায় চলন্ত গাড়ির বাইরে ঝুলে যাতায়াত নিষিদ্ধ। পাশাপাশি ১৮৪ নম্বর ধারায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য শাস্তির বিধান রয়েছে।
উল্লেখ্য, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনি জটিলতা এই প্রথম নয়। নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের মুখে রয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। পাশাপাশি সইয়ের অমিল সংক্রান্ত একটি তদন্তও চলছে। কিন্তু কোন ক্ষেত্রেই তার শাস্তি হয়নি। বিজেপি নেতাদের মুখে বার বার তাকে জেলে ঢোকানোর কথাই শুধু শোনা গিয়েছে।

Comments :0

Login to leave a comment