দীপাবলির পর থেকেই ভয়াবহ দূষণের চাদরে ঢেকেছে দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)। বাতাসের গুণমান সূচক বা একিউআই একাধিক এলাকায় ৪০০-র গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি পৌঁছেছে ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে। আর এই দূষণ পরিস্থিতিকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্রের বিস্ফোরক অভিযোগ, দিল্লির দূষণ বাড়াতে পরিকল্পিতভাবে পাঞ্জাবে কৃষিজমিতে আগুন লাগাচ্ছে আম আদমি পার্টি (আপ)-এর নেতারা। এমনকী, এই ঘটনার তদন্ত হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিও হতে পারে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে, বিজেপি সরকারের বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বায়ুদূষণের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ তুলেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। সব মিলিয়ে দীপাবলির পর দিল্লির দূষণ এখন রাজনৈতিক সংঘাতের নতুন মঞ্চ।
রবিবার রাত ১১টা ৫ মিনিটে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, দিল্লির সামগ্রিক একিউআই ছিল ৩৭৩। তবে আলিপুর, বাওয়ানা, বুরারি, চাঁদনি চক, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রোহিণী এবং বিবেক বিহারের মতো এলাকায় একিউআই ৪০০-র উপরে পৌঁছে যায়। ঘন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও উল্লেখযোগ্যভাবে কমে যায়।
এই পরিস্থিতিতে পাঞ্জাবের কৃষিজমিতে আগুন লাগানোর ঘটনা নিয়ে সরব হন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি দাবি করেছেন, পাঞ্জাবের মালাউট, আবোহর এবং সাঙ্গরুরে দূষণের মাত্রা ভয়াবহ জায়গায় পৌঁছেছে। তাঁর দাবি অনুযায়ী, আবোহরে একিউআই ১৩০৭ এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নির্বাচনী কেন্দ্র সাঙ্গরুরে তা ১৬৫১-তে পৌঁছেছে।
কপিল মিশ্রের অভিযোগ, পাঞ্জাবে পরিকল্পিতভাবে কৃষিজমিতে আগুন লাগানো হচ্ছে। তার কথায়, আপ বিধায়ক, দলের নেতা এবং দিল্লি থেকে পাঞ্জাবে গিয়ে থাকা দলীয় কর্মীদের ফোনের রেকর্ড খতিয়ে দেখা উচিত। এই আগুন লাগানোর পিছনে আপ নেতৃত্বের পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, দূষণের তথ্য গোপনের অভিযোগ তুলে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা দাবি করেছেন, দিল্লির ৩৯টি দূষণ পরিমাপ কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রে রাত ২টো থেকে ৩টের মধ্যে PM2.5 সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এক্স হ্যান্ডলে তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কি ইচ্ছাকৃতভাবে দূষণের তথ্য আড়াল করছে? নাকি যন্ত্রের পরিমাপ ক্ষমতার বাইরে চলে গিয়েছিল দূষণের মাত্রা? অথবা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল মনিটরগুলি?
খেরার বক্তব্য, তথ্য উধাও হয়ে গেলেই দূষণ উধাও হয়ে যায় না। দিল্লির মানুষের কাছে এই বিষয়ে সরকারের জবাবদিহি করা উচিত। ২০১৯ সালে দিল্লির ভয়াবহ দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথাও তুলে ধরেছেন তিনি। সে সময় দিল্লির পরিস্থিতিকে ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করে কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
আপ নেতা সৌরভ ভরদ্বাজও একই অভিযোগ তুলেছেন। একটি ভিডিও প্রকাশ করে তার দাবি, দিল্লির একিউআই ৩০০০ ছাড়িয়ে গিয়েছে। যদিও এই সংখ্যাটি দিল্লির সরকারি সামগ্রিক একিউআই পরিমাপ নয়। তার অভিযোগ, সরকার প্রকৃত দূষণের মাত্রা কম দেখিয়ে তথ্য নিয়ে কারচুপি করছে। এর ফলে সাধারণ মানুষ বিপজ্জনক দূষণের মধ্যে থেকেও নিজেদের নিরাপদ মনে করতে পারেন। হৃদরোগ, হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যার আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি।
কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা নিয়েও দিল্লির বিজেপি সরকারকে আক্রমণ করেছেন সৌরভ ভরদ্বাজ। তার অভিযোগ, দূষণ কমানোর স্থায়ী ব্যবস্থা না করে কৃত্রিম বৃষ্টির প্রচার চালাচ্ছে সরকার। দীপাবলি ও ছটপুজোর পর দূষণ বাড়লে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি ঘটানোর পরিকল্পনা করেছিল দিল্লি সরকার। গত ১৫ দিনে দুটি পরীক্ষাও চালানো হয়েছিল, যার মধ্যে একটি হয়েছিল দিল্লি বিমানবন্দরের কাছে। তবে বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বৃষ্টি সাময়িকভাবে বাতাসের দূষণ কমাতে পারে, কিন্তু দূষণের মূল উৎসগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না।
বিজেপির পাল্টা বক্তব্য, হিন্দু ধর্মীয় উৎসব এলেই দূষণের প্রসঙ্গ তুলে সনাতন ধর্মের উৎসবকে নিশানা করে বিরোধীরা। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের অভিযোগ, কংগ্রেস ও আপ শুধুমাত্র হিন্দু উৎসবের সময়ই দূষণ নিয়ে সরব হয়। তার দাবি, দিল্লিতে কংগ্রেস ১৫ বছর এবং আপ ১০ বছর ক্ষমতায় থাকলেও দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি কোনও কার্যকর পদক্ষেপ করেনি। গত ২৫ বছরে দূষণ মোকাবিলায় প্রয়োজনীয় কাজ না হওয়ার ফল এখন দিল্লির মানুষকে ভোগ করতে হচ্ছে।
উল্লেখ্য, দীপাবলির আগেই দূষণ মোকাবিলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ জারি করেছিল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ ও ৮ নভেম্বর নির্দিষ্ট সময়সীমার মধ্যে শংসাপত্রপ্রাপ্ত পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। ৯ নভেম্বর থেকে ফের সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
তবে দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতা, তথ্যের স্বচ্ছতা এবং কৃষিজমিতে আগুন লাগানোর ঘটনা সবকিছু মিলিয়ে দিল্লির দূষণ সমস্যা এখন আর শুধু পরিবেশগত সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক চাপানউতোরের আবহে সবচেয়ে বড় প্রশ্ন, দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারগুলি আদৌ কতটা কার্যকর পদক্ষেপ করতে পারবে।
Delhi Pollution
দীপাবলির পর দিল্লির দূষণ ঘিরে রাজনৈতিক সংঘাত, পাঞ্জাবে আগুন লাগানোর নেপথ্যে আপ নেতারা! বিস্ফোরক অভিযোগ বিজেপির
×
Comments :0