ছ’মাস অতিক্রম করল প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের আরএসএস-বিজেপি’র সরকার। এটা ঠিক ছ’মাস কোনও সরকারের মূল্যায়নের পক্ষে যথেষ্ট সময় নয়। তবে এটাও ঠিক ছ’মাসে সরকারের নীতিগত অভিমুখ, বিভিন্ন গৃহীত সিদ্ধান্ত, প্রকল্প ঘোষণা, নতুন আইন প্রণয়ন বা চলতি আইন সংশোধন, সর্বোপরি নির্বাচনের আগে দেওয়া লিখিত ও মৌখিক প্রতিশ্রুতিগুলি রূপায়ণে সততা, সদিচ্ছা ও কর্মতৎপরতা থেকে আন্দাজ করা যায় সরকার কোন পথে চলার কথা বলেছিল আর বাস্তবে কোন পথে হাঁটছে।
মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের ১৫ বছরের শাসন রাজ্যজুড়ে দুর্নীতি, চুরি, লুট এবং নৈরাজ্যের যে ইকোসিস্টেম তৈরি করেছিল তার থেকে নিস্তার পেতে মানুষ বেছে নিয়েছিল বিজেপি-কে। মোদী সহ দলের শীর্ষ নেতাদের মিষ্ট ভাষণ আর ভূরি ভূরি প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে মানুষ ভোট দিয়েছিলেন বিজেপি-কে। বিজেপি-ও পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের আসল চেহারা আড়াল করে সামনে হাজির করেছিল গণতান্ত্রিক ও জনকল্যাণকর ভাবমূর্তি। ভাব দেখিয়েছিল বিজেপি ক্ষমতায় এলেই নৈরাজ্য, অপশাসন ও দুর্নীতির অবসান ঘটবে। মানুষ ন্যায় বিচার পাবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে পরিকাঠামো প্রসারিত হবে কৃষক তাদের ফসলের দাম পাবে। কর্মসংস্থান বাড়বে। জিনিসপত্রের দাম কমবে। ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ সহ মহিলাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ কমবে। আইনের শাসন ফিরবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক্-স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, সমালোচনা ও বিরোধিতার অধিকার নিশ্চিত হবে। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উন্নত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দখলদারির পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার ফিরবে। পুলিশ শাসকের দাসত্বের বেড়ি থেকে বেরিয়ে আসবে। সরকার মন দেবে এবং অগ্রাধিকার দেবে শিল্পায়নে, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। বাজারে সরকারি নজরদারি বাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আয়ত্তে রাখবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে পরিকাঠামো গড়ে তুলবে। গরিব সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে।
তা না করে প্রাক্তন তৃণমূলী আরএসএস সেজে রাষ্ট্রবাদ আর সনাতনী ধ্বজা উড়িয়ে হুমকি-ভীতি-সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে খাঁচাবন্দি করতে চাইছেন। নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে গরিব হকারদের পেটে লাথি মারা দিয়ে। তারপর ফুটপাত, বস্তি থেকে গরিব মানুষকে নির্বিচারে উচ্ছেদ করা হয়েছে। অভয়ার বিচার মেলেনি। হু হু করে বাড়ছে খুন-ধর্ষণ। নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর মুখ্যমন্ত্রীই ধর্মীয় বিদ্বেষ বিভাজনে লাগাতার উসকানি দিয়ে যাচ্ছেন। বাংলার নিজস্ব সামাজিক, সাংস্কৃতিক ধারাকে উচ্ছেদ করে গোবলয়ের সামাজিক-সাংস্কৃতিক ধারা পত্তনের চেষ্টা চলছে। বাংলার পরিধান ও খাদ্যাভ্যাসে আক্রমণ হচ্ছে। বস্তুত বাংলা ও বাঙালির নিজস্বতাকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। ছ’মাসেই এতটা। এরপর কী হতে পারে মানুষকে ভাবতে হবে।
BJP Govt's Six Months
বিভীষিকাময়
×
Comments :0