প্রাথমিক স্কুলে তালা পড়েছে তৃনমুল আমলে, আর বিজেপি আমলে সেই স্কুলের মাঠের জমি দখল করে অবাধে চলছে চাষবাস! সরকার ফের স্কুল খুলতে চায় কিনা সেটা স্পষ্ট না হলেও গ্রামের এক মাত্র প্রাথমিক শিক্ষার স্কুলটি বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা। তারা চাইছে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ। অথচ মেখলিগঞ্জ স্কুল পরিদর্শক(এসআই) নাকি জানেনই না স্কুলের জমি দখল করে চাষবাস চলছে!
মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ছাট জামালদহ পঞ্চম প্ল্যান প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই। গ্রামের পড়ুয়ারা প্রাথমিক শিক্ষা নিতে যায় পাশের গ্রামে। তৃনমুলের মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারি যখন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন অনেকবার স্থানীয় মানুষেরা ফের প্রাথমিক স্কুলটি চালু করার আবেদন করলেও মন্ত্রী সাড়া দেন নি। তখন থেকেই বন্ধ পড়ে আছে স্কুলটি।
দেড় দশকের সময় ধরে বন্ধ পড়ে আছে স্কুলটি। স্কুল বন্ধ হওয়ার আগে অবধি তিনজন শিক্ষক ছিলেন এখানে। তাদের অন্যত্র বদলি করে দেওয়া হয়। এরপরেও স্কুলের মাঠের ফাঁকা জমির ওপর নজর ছিল গ্রামেরই কিছু লোকজনের।
গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের জমিতে রীতিমত ট্রাক্টর নামিয়ে চাষ করছেন কতিপয় গ্রামবাসী। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বিজেপির স্থানীয় নেতারাও সব জেনে অজানা কারনে চুপ রয়েছেন। প্রশ্ন উঠেছে প্রভাবশালী বলেই কী সব দেখেও স্কুলের জমি উদ্ধার করা হচ্ছে না?
স্থানীয় বাসিন্দা মল্লিকা বর্মন, তুলসী রানী দাস বলেন, "এই প্রাথমিক স্কুলটি ছিল গ্রামের গরীব মানুষের ছেলে মেয়েদের পড়ানোর ভরসা। সেটা বন্ধ হলো কেন সেটাও জানতে পারলাম না। এখন স্কুলের মাঠের জমি দখল করে চাষবাস চলছে। জমি উদ্ধার করে ফের স্কুল চালুর দাবিতে এবারে মায়েরাই পথে নামবো।"
গ্রামের আরেক গৃহবধূ শেফালী বসুনিয়া বলেন, "প্রাথমিক স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় বাচ্চাদের প্রায় ৪ কিমি দূরের স্কুলে পাঠাতে হচ্ছে। বিধায়ককে বারবার বলেও সুরাহা হচ্ছে না।"
বিধানসভা ভোটের আগে এই গ্রাম পঞ্চায়েত ছিল তৃনমুলের দখলে। ভোটের ফল প্রকাশ হতেই পেছন দরজা দিয়ে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। অবশ্য বন্ধ স্কুল ফের চালু করা কিংবা স্কুলের জমিতে চাষবাস বন্ধ করতে তারাও পদক্ষেপ নিচ্ছেন না।
মেখলিগঞ্জের স্কুল পরিদর্শক(এসআই)পরিতোষ ওরাওঁ জানিয়েছেন, ফের স্কুল চালু করার নির্দেশ দিতে পারে একমাত্র উর্ধতন কর্তৃপক্ষ। সেখান থেকে কোনও নির্দেশ আসেনি। ফলে ফের স্কুল চালুর বিষয়টি নিয়ে কিছু বলা সম্ভব নয়। তবে স্কুলের জমি দখল করে চাষবাসের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা জানতাম না।"
Comments :0