বাড়ির সামনে বাজি-পটকা ফাটানোর প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচ সদস্যের উপর হামলার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর থানার চম্পা বাগ এলাকায়। এই হামলায় এক মহিলা-সহ একই পরিবারের মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চম্পা বাগ এলাকার বাসিন্দা স্বপ্না নামে এক মহিলার বাড়িতে রয়েছে ছোট শিশু। অভিযোগ, বাড়ির সামনে কয়েকজন যুবক বাজি-পটকা ফাটাচ্ছিলেন। সেই সময় শিশুদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের বাড়ির সামনে বাজি না ফাটানোর অনুরোধ করেন স্বপ্না। তাঁর বক্তব্য ছিল, বাড়িতে ছোট শিশু থাকায় বাজির শব্দে তাদের সমস্যা হতে পারে। তাই অন্যত্র বাজি ফাটানো উচিত।
অভিযোগ, মহিলার এই সামান্য আপত্তিতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই তিন যুবক। এরপর তাঁরা লাঠি ও ইট নিয়ে স্বপ্নার উপর চড়াও হন। মহিলাকে বাঁচাতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় স্বপ্না-সহ পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার বিষয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
একটি বাড়িতে ছোট শিশুর নিরাপত্তার কথা ভেবে বাজি ফাটাতে নিষেধ করাই কী অপরাধ? এই প্রশ্ন ঘিরেই এলাকায় ক্ষোভ বাড়ছে। সামান্য প্রতিবাদের জেরে একই পরিবারের পাঁচজনের উপর এমন হামলার অভিযোগে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু হয়েছে।
Comments :0