বেলাগাম বাজি ফাটানোয় লাফিয়ে বেড়েছে দূষণ। শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ বহু মানুষ। কলকাতা এবং সংলগ্ন এলাকায় বায়ুর মান ছিল ‘খুব খারাপ’। অথচ সব অভিযোগ উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে ‘সনাতনি পরম্পরা ফিরে আসায় কারও কারও অসুবিধা হয়েছে’ বলে সোমবার মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি বাজি ফাটানো নিয়ে অভিযোগের ওঠায় কমিউনিস্টদের দায়ী করলেন।
দূষণ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমি জানি না কোন সনাতনি ব্যবস্থায় এমন শব্দবাজির তাণ্ডবকে স্বীকৃতি দেওবা হয়েছে! তিনি বলেন, কেথাও না কোথাও মধ্যযুগীয় মনোভাবের প্রতিফলন পড়ছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্যই দেখিয়েছে যে রবিবার, কালীপুজোর রাতে, কিভাবে লাফিয়ে বেড়েছে দূষণের সূচক একিউআই। রবিবার সন্ধ্যায় সূচক ‘মাঝারি’ থাকলেও বালিগঞ্জে রাত এগারোটা নাগাদ বেড়ে হয় ৩২১। সল্ট লেকে বিধাননগরে বিকেলে ১১৭ থেকে সূচকের মান রাতে হয় ৩৩০। কলকাতার দক্ষিণে যাদবপুরেও দূষণের মাত্রা ৩২৬ হয় রাতে। কলকাতার প্রাণকেন্দ্রে ফোর্ট উইলিয়ামেও রাতে সূচকের মান ছিল ২৬৫।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি অনুযায়ী একিউআই শূন্য থেকে ৫০ হলে ‘ভালো’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’।
কলকাতায় সূক্ষ্ম ধূলিকণা ‘পিএম ২.৫’ এবং ‘পিএম ১০’, দুয়েরই মাত্রা ছিল উদ্বেগজনক। ‘পিএম ২.৫’ প্রতি ঘন মিটারে ছিল ১০৬ মাইক্রোগ্রাম। ‘পিএম ১০’ প্রতি ঘন মিটারে ছিল ১৫৪ মাইক্রোগ্রাম। এই ধূলিকণা সূক্ষ্ম হওয়ায় শ্বাসতন্ত্রের মাধ্যমে ফুসফুসে চলে যায়। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়।
কিন্তু এত কিছুতেই নিরুদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকার সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল। রাত দশটার পর কিছু সবুজ আতসবাজি ফেটে থাকতে পারে। তবে পুলিশ ব্যবস্থা নিয়েছে।
সোমবার দীঘায় তিনি সংবাদমাধ্যমে বলেছেন যে কমিউনিস্টরা নানা অভিযোগ তুলছে। তিনি বলেছেন, দিওয়ালিতে মানুষ সবুজ বাজি ফাটালে সমস্যা কোথায়, ক্ষতি কী?
শুভেন্দুর সংযোজন, সনাতনি পরম্পরা ফিরে আসায় কিছু মানুষের সমস্যা হচ্ছে। যারা এসব অভিযোগ তুলছে তারা হিন্দুদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছেন। ধর্মীয় রীতিনীতি দূরে সরিয়ে রেখেছেন। এরা তিলক কাটে না, বিপত্তারিণীর সুতো বাঁধে না, তুলসির মালা পরে না।
ঘটনা হলো বিজেপি বিধায়ক রূপা গাঙ্গুলিও শব্দবাজির তাণ্ডবে খেদ জানিয়ে পোস্ট করেন সোশাল মিডিয়ায়। পরে সেই পোস্ট মুছে দেন তিনি। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখা যায় রবিবার রাতে পুলিশকে নিয়ে রাস্তায় বেরতে।
এদিকে চক্রবর্তী বলেন, আমি জানি না কোন সনাতনি ব্যবস্থায় এমন শব্দবাজির তাণ্ডবকে স্বীকৃতি দেওয়া হয়েছে! মুখ্যমন্ত্রী শব্দবাজির তাণ্ডবে আনন্দ পাচ্ছেন।
চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী সব ঘটনাতেই সনাতনি শব্দটি আওড়াচ্ছেন। কে কি পরছে, কোন মালা পরছে এসব দেখা ওনার কাজ নাকি। ওনার চার পাশে যাঁরা থাকেন তাঁরা কী মালা পরেন!
চক্রবর্তী বলেন, কোথাও না কোথাও মধ্যযুগীয় মনোভাবের প্রতিফলন পড়ছে।
এদিকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সোমবার যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে দিওয়ালির পর দিন শব্দবাজির তাণ্ডব কম থাকায় পরিস্থিতি ‘খুব খারাপ’ থেকে ‘মাঝারি’ হয়েছে।
Kolkata Pollution CM
দিওয়ালিতে দূষণ ‘খুব খারাপ’, ‘সনাতনি পরম্পরায়’ খুশি মুখ্যমন্ত্রী, ‘মধ্যযুগীয় মনোভাব’ বললেন সুজন
×
Comments :0