Jalpaiguri Fire Diwali

দীপাবলিতে পুড়ল স্বেচ্ছাসেবী সংস্থার ঘর, সংকটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা

জেলা

জলপাইগুড়ির সেনপাড়ায় স্বেচ্চাসেবী সংস্থার এই ঘরটিই পুড়ে গিয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন মূক ও বধিরদের স্বনির্ভর করে তোলার স্বপ্ন নিয়ে গড়ে উঠেছিল ‘স্বপ্নতোরণ ওয়েলফেয়ার সোসাইটি’। স্বনির্ভরতার লক্ষ্যে চালানো হতো ধূপকাঠি, মোমবাতি তৈরির কেন্দ্র। দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল সেই ঘর। 
জলপাইগুড়ির সেনপাড়ায় সংস্থার এই ঘরটিতে আগুন লাগে। পুড়ে নষ্ট হয়েছে মেশিন, বিভিন্ন সরঞ্জাম, উৎপাদিত সামগ্রী এবং প্রয়োজনীয় কাগজপত্র। প্রাথমিক হিসেব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। এই ঘটনায় কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছেন সংস্থার সঙ্গে যুক্ত অসহায় আবাসিকরা।
ধূপকাঠি থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী তৈরি করতেন সংস্থার আবাসিক মূক ও বধির ভাই-বোনেরা। সেই কাজের মাধ্যমে উপার্জিত অর্থেই তাঁদের পরিবারের মুখে খাবার জুটত। দীপাবলি ও ভাইফোঁটার ছুটিতে আবাসিকরা বাড়ি চলে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় ভবনে কেউ ছিলেন না। প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা এবং প্রাক্তন সাংসদ মহেন্দ্র কুমার রায়ের আর্থিক সহযোগিতায় কোনওরকমে গড়ে উঠেছিল সংস্থার দ্বিতল ভবনের দু’টি ঘর। সেখানেই ছিল আবাসিকদের থাকার ব্যবস্থা ও অফিস।
সংস্থার সম্পাদক দেবাশিস চক্রবর্তীর অভিযোগ, ভবনের বাইরে জঙ্গল গজিয়ে ওঠায় এলাকাটি দুষ্কৃতী ও নেশাগ্রস্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। বারবার জানিয়েও জঙ্গল পরিষ্কার বা দুষ্কৃতীদের আস্তানা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডের পিছনে কোনও অভিসন্ধি রয়েছে কি না তা নিয়ে সন্দেহ জানান তিনি। ঘটনায় তদন্তের দাবি উঠেছে।
এলাকায় দুষ্কৃতী ও নেশাখোরদের অবাধ যাতায়াত বন্ধ ও সরকারি সাহায্যে সংস্থাটি পুনরুজ্জীবনের দাবি তোলেন সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, পার্টির জেলা কমিটির সদস্য বিপুল সান্যাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।।
সরকারি সাহায্য না মিললে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের স্বনির্ভরতার উদ্যোগ ভেঙে পড়বে বলে আশঙ্কা দেবাশিস চক্রবর্তীর। সরকারি সহযোগিতার পাশাপাশি সহৃদয় মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সংস্থার সম্পাদক। 
এক রাতের আগুনে পুড়ে ছাই হয়েছে শুধু কারখানা নয়, বহু অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন।

Comments :0

Login to leave a comment