কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী কলকাতা–সাইরাং এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের কামরূপ (মেট্রোপলিটন) জেলার দিগারু রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ট্রেনটির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতেরও কোনও তাৎক্ষণিক খবর নেই বলে জানিয়েছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)।
দুর্ঘটনার পর উদ্ধার ও রেললাইন পরিষ্কারের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে একটি রিকভারি ট্রেন। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার-সহ পদস্থ আধিকারিকরা দিগারুতে পৌঁছে উদ্ধার ও পরিষেবা স্বাভাবিক করার কাজ তদারকি করছেন। যাত্রীদের বিকল্প ট্রেনে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনার আগে ট্রেনের ভিতরের পরিস্থিতির একটি প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, চালক সোজা হয়ে বসে একের পর এক পাওয়ার লিভার ও সুইচ চালানোর চেষ্টা করছেন। কিন্তু কোনও কিছুই কাজ করছে না। ট্রেন এগিয়ে চলেছে দ্রুতগতিতে।
ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “বিপি প্রেসার কমছে না।” অর্থাৎ ব্রেক পাইপের চাপ কমছে না। এরপর তিনি বলেন, “সিগন্যাল লাল। ইমার্জেন্সি ব্রেক লাগানো হয়েছে, কিন্তু কাজ করছে না।” চালককে একাধিক সুইচ ও লিভার ব্যবহার করতে দেখা যায়। কিন্তু তাতেও ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ভিডিয়োয় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “কিছুই কাজ করছে না।” এর পরেই ট্রেনটি কোনও একটি বাধায় ধাক্কা খায়। ঝাঁকুনিতে কামরার ভিতরে রাখা একটি কাচের বোতল মাটিতে পড়ে যায়। এরপরই ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।
ট্রেনের প্যান্ট্রি কারের এক কর্মী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, দুর্ঘটনার সময় ভোর ৫টা নাগাদ অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। গুয়াহাটি পর্যন্ত ট্রেনের যাত্রা স্বাভাবিক ছিল। সেখানে থামার পর ফের যাত্রা শুরু করে ট্রেন। দিগারু স্টেশনে পৌঁছনোর সময় গতি কিছুটা কমে যায়।
প্যান্ট্রি কারের ওই কর্মীর কথায়, স্টেশনের প্ল্যাটফর্ম পার হওয়ার সময় হঠাৎ একটি শব্দ শোনা যায়। কীসের শব্দ, তা তারা বুঝতে পারেননি। কয়েক মিটার এগোনোর পরই তার মনে হয় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে। তার দাবি, লাইনচ্যুত অবস্থাতেই ট্রেনটি আরও প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়। প্রবল ঝাঁকুনিতে তিনি তিন বার আসন থেকে পড়ে যান। কামরার দরজাও খুলতে পারছিলেন না যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে।
প্রায় ১০ মিনিট পর ট্রেনটি থামে। এরপর যাত্রীরা নিরাপদে বাইরে বেরোনোর সুযোগ পান। ওই কর্মী বলেন, “আমরা ভাগ্যবান। না হলে হয়তো বড় বিপদ ঘটে যেত।” দুর্ঘটনায় ট্রেনের পাওয়ার কার ও ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
কলকাতা–সাইরাং এক্সপ্রেস মিজোরামের সাইরাংকে কলকাতা ও পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ রেল পরিষেবা। দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ব্রেকিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
Comments :0