বাসব রায়চৌধুরি
দেশের সাধারণ মানুষ স্বাস্থ্য ক্ষেত্রে এক অভূতপূর্ব বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভেজাল ও নিম্নমানের ওষুধের রমরমা ব্যবসা, স্বাস্থ্য ব্যবস্থার লাগামহীন বেসরকারিকরণ এবং ফলস্বরূপ বেসরকারি হাসপাতালগুলির অস্বাভাবিক স্বাস্থ্য পরিষেবার খরচ সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চে ওষুধের উচ্চমূল্য সম্পর্কিত একটি মামলার শুনানির সময় অসুস্থ সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্লিপ্ততা ও প্রচ্ছন্ন মদতে কিভাবে আমাদের দেশে ওষুধের ক্ষেত্রে কর্পোরেট লুট চলছে তা উন্মোচিত হয়েছে। ডাঃ সঞ্জয় কুলশ্রেষ্ঠ’র দায়ের করা এই মামলার শুনানি চলাকালে ওষুধের পাইকারি মূল্য ও মুদ্রিত সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্যর মধ্যে আকাশছোঁয়া ফারাক নিয়ে বিচারপতিরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন যে, পেশ করা নথি থেকে দেখা যাচ্ছে যে ক্যানসার রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় একটি ওষুধ রিটেলার বা বিক্রেতারা মাত্র ২৭০০ টাকায় পাচ্ছেন, কিন্তু তার মুদ্রিত সর্বোচ্চ বিক্রয়মূল্য প্রায় ২৭ হাজার টাকা। ওষুধের দামে এই প্রায় দশগুণ বেশি মুনাফার কারবারকে ‘দিনের আলোয় রোগীর পকেট কাটা বা ডাকাতি’ বলে তোপ দেগেছে সর্বোচ্চ আদালত।
কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে যে, বিভিন্ন ওষুধের ক্ষেত্রে হাসপাতালগুলির ক্রয়মূল্য এবং মুদ্রিত সর্বোচ্চ বিক্রয় মূল্যের ফারাক ১৭০ শতাংশ থেকে ৭০০ শতাংশ। বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে এই ফারাক আরও বেশি প্রায় ১ হাজার শতাংশ পর্যন্ত। পাশাপাশি, ক্যানসার বা এই জাতীয় রোগের অত্যন্ত জরুরি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে লাভের মাত্রা কেন ওষুধের মূল্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ১৬ শতাংশের মধ্যে সীমিত রাখা বা ক্যাপ করা হবে না— সে প্রশ্নও কেন্দ্রীয় সরকারের কাছে তুলেছেন বিচারপতিদ্বয়ের বেঞ্চ।
সর্বোচ্চ আদালতের তোপের মুখে দাঁড়িয়ে তড়িঘড়ি কেন্দ্রীয় সরকার ক্যানসার রোগের চিকিৎসায় ব্যবহৃত সমস্ত ধরনের ওষুধের ওপর সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৩০ শতাংশের বেশি মুনাফা রাখা যাবে না বলে ঘোষণা করেছে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণ বিধির ভিতরে ও বাইরে থাকা সমস্ত ওষুধের ওপর এই সর্বোচ্চ সীমা কার্যকরী হবে। এরফলে ক্যানসার রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ১৩৭টি গোত্রের ৫৪৩টি ওষুধের দাম কমেছে ৩০ থেকে ৯৩ শতাংশ। এই পদক্ষেপের ফলে আমাদের দেশে এই মারণ রোগে আক্রান্ত রোগীদের মোট খরচ বছরে প্রায় ২৫০০ কোটি টাকা কমবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যভাবে বলা যায় যে, কেন্দ্রীয় সরকারের মানুষমারা নীতির কারণে শুধুমাত্র একটা অসুখের চিকিৎসার জন্যই দেশের সাধারণ মানুষ এই বিপুল পরিমাণ টাকা গুনাগার দিতে বাধ্য হচ্ছিলেন।
যদিও কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। আদালত জানিয়েছে যে, এই পদক্ষেপে খুশি হবার মতো তেমন কিছু নেই। পাশাপাশি, অন্যান্য ওষুধের ক্ষেত্রেও কেন লাভের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছে আদালত। ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি ও সদিচ্ছা নিয়েই বড়সড় প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। তাঁরা প্রশ্ন করেছেন কেন গোটা ব্যবস্থাটা ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির অনুকূলে কাজ করছে এবং এই প্রবণতা কি এরকম লাগামহীনভাবেই চলতে দেওয়া উচিত? একইসঙ্গে দেশে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’কে একটি অকেজো সংস্থা বলে অভিহিত করেছেন বিচারপতিদ্বয়ের বেঞ্চ।
এই মামলার শুনানির সময় মোদী সরকারের অভিভাবকত্বে আমাদের দেশে কর্পোরেট লুটের ছবি বে-আব্রু হয়ে পড়েছে। সরকারি আইনজীবী মরিয়াভাবে ওষুধ কোম্পানিগুলির লুটকে আড়াল করার চেষ্টা করেছিলেন, যা বিচারপতিদের প্রশ্নবাণের সামনে বানচাল হয়ে গেছে। কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয় যে, সরকারি নীতি হল গোটা পরিকাঠামোকে নিয়ন্ত্রণ না করা, যাতে আমাদের দেশে ওষুধ শিল্পের প্রসার ঘটে। উত্তরে বিচারপতিরা কড়াভাবে জানান যে, অসহায় অসুস্থ রোগীদের স্বার্থের বিনিময়ে ওষুধ শিল্পকে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়। সরকারি আইনজীবী অন্যান্য দেশের তুলনায় ভারতে ওষুধের দাম তুলনামূলকভাবে কম দাবি করলে আদালত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে যে, মনে হচ্ছে সরকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে ইচ্ছুক নয়। এই প্রসঙ্গে তাঁরা আরও বলেন যে, আদালত যদি অন্যান্য দেশের জনপ্রতি আয়ের সঙ্গে আমাদের দেশের জনপ্রতি আয়ের তুলনা করে তা হলে সরকারের অস্বস্তিই বাড়বে। ওষুধের পাইকারি দামের সঙ্গে বিক্রয়মূল্যের বিরাট ফারাকের কোনও যুক্তিগ্রাহ্য উত্তর সরকারি আইনজীবী দিতে পারেননি। মামলাটির শুনানি শেষ হলেও রায়দান মুলতবি রাখা হয়েছে।
দেশের মেডিক্যাল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের সর্বভারতীয় সংগঠন, ফেডারেশন অব মেডিক্যাল অ্যান্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশনস্ অব ইন্ডিয়ার ২০২১ সালে দায়ের করা একটি জনস্বার্থ মামলার (৩২৩/২০২১) শুনানি চলাকালীন গত ৮অক্টোবর, ২০২৬ দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যে, ১৫দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে, যে কমিটি ওষুধ কোম্পানিগুলির এই অনৈতিক বিপণন বন্ধ করার জন্য সবরকম আইনি বা বিধিবদ্ধ কাঠামোর প্রয়োজনীয়তা খতিয়ে দেখবে এবং পরবর্তী দু’মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ জমা দেবে। তিন সদস্য বিশিষ্ট এই কমিটি আদালতে পেশ করা সকল নথি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষ এবং বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে। এই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ওষুধ কোম্পানিগুলির অনৈতিক বিপণন কার্যকলাপ বন্ধ করার জন্য কী পদক্ষেপ করতে চাইছে সে বিষয়ে পরবর্তী শুনানির দিন, ২০২৭সালের ২৯জানুয়ারি, আদালতের কাছে লিখিতভাবে জানাবে।
প্রসঙ্গত, ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলির সঙ্গে একশ্রেণির চিকিৎসকের আঁতাত এবং অনৈতিক বিপণন প্রথার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব দেশের বিভিন্ন স্বাস্থ্য সংগঠন। এফএমআরএআই ২০০৫ সালে সর্বপ্রথম এই অনৈতিক বিপণনের বিষয়টি সর্বসমক্ষে তুলে ধরে এবং এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণ বিধিকে ধারাবাহিকভাবে গুরুত্বহীন করে তোলা এবং ২০১৩ সালে ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে-উৎপাদন খরচের পরিবর্তে বাজারভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি কোম্পানিগুলির সামনে ওষুধের ইচ্ছামতো মূল্যবৃদ্ধি করার সুযোগ এনে দিয়েছিল। দেশজুড়ে আন্দোলনের সামনে মুখ রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে বিপণন প্রথায় অনৈতিক পদ্ধতি বন্ধ করার জন্য একটি নিয়মাবলী প্রকাশ করে যার পোশাকি নাম ইউনিফর্ম কোড অব ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস বা ইউসিপিএমপি। এই বিধিতে নানা বিধিনিষেধের কথা বলা হলেও পুরোটাই ছিল ঐচ্ছিক। বিধিনিষেধ মেনে চলার কোনও বাধ্যবাধকতা ছিল না বা লঙ্ঘনের জন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ বা সুপারিশ ছিল না। এফএমআরএআই প্রথম থেকেই এই নিয়মাবলীকে আইনি পরিকাঠামোর মধ্যে আনার ও নিয়ম ভঙ্গকারী কোম্পানিগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সংস্থান রাখার দাবি করে আসছে। কোনও আইনি বাধ্যবাধকতা না থাকায় এই অসাধু প্রবণতা ক্রমাগত বাড়তে থাকে এবং কোভিড পরবর্তী সময়ে তা চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। কিন্তু কেন্দ্রীয় সরকার নিজের অবস্থানে অনড় থাকে। এই পরিস্থিতিতে, ২০২১ সালে এফএমআরএআই সুপ্রিম কোর্টে ইউসিএমপি’কে আইনি পরিকাঠামোর মধ্যে নিয়ে আসার এবং অনৈতিক বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোম্পানিগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সংস্থান রাখার দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। মামলার মূল বিষয় ছিল— এই ধরনের অনৈতিক বিপণন প্রথা ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ এবং এর ফলে সাধারণ মানুষ অনেক সময় চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না এবং এতে সংবিধানের ২১ ধারা অনুযায়ী তাঁদের অন্যতম প্রধান মৌলিক অধিকার-স্বাস্থ্যের অধিকার, লঙ্ঘিত হচ্ছে।
এই মামলায় কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে বলে যে, অনৈতিক বিপণন বন্ধ করার জন্য বর্তমান এই কোড যথেষ্ট। কোন ওষুধ কোম্পানির সঙ্গে অনৈতিক আঁতাতে যুক্ত চিকিৎসকদের শাস্তি বিধানের জন্য মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)’র নিজস্ব আইন-‘ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল (প্রফেশনাল কন্ডাক্ট, এটিকেট অ্যান্ড এথিকস) রেগুলেশন, ২০০২’ আছে। তাই আর নতুন আইনের প্রয়োজন নেই। এর প্রত্যুত্তরে আদালতকে জানানো হয় যে, এমসিআই আইন শুধুমাত্র চিকিৎসকদের জন্য প্রযোজ্য। অনৈতিক বিপণনকারী কোম্পানিগুলির শাস্তি বিধানের ব্যবস্থা না থাকলে এই অসাধু প্রবণতা বন্ধ করা সম্ভব নয়। এর ভিত্তিতে সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের সদস্য ডাঃ ভিকে কলের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে।
এই পরিস্থিতিতে, একই আদালতে জেনেরিক নামে ওষুধের ব্যবহার সংক্রান্ত অপর একটি মামলা হয় (৭৯৪/২০২৩) এবং কেন্দ্রীয় সরকার আদালতকে জানায় যে, চিকিৎসকদের জেনেরিক নামে ওষুধের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করলে অনৈতিক বিপণন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, আলাদা আইন প্রণয়নের প্রয়োজন হবে না। এর বিরোধিতা করে বলা হয় যে, জেনেরিক নামে ওষুধের ব্যবহার কোনও সমাধান নয়। প্রকৃত সমস্যা হলো ওষুধের ওপর কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফা যার একটা অংশ কোম্পানিগুলি অনৈতিক বিপণনের জন্য ব্যয় করছে। আদালতে জানানো হয় যে, জেনেরিক ওষুধের প্রেসক্রিপশন বাধ্যতামূলক হলে কোম্পানিগুলি চিকিৎসকদের পরিবর্তে রিটেলার বা খুচরো বিক্রেতাদের অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রলোভিত করবে এবং যে ওষুধ বিক্রি করে খুচরো বিক্রেতাদের সর্বাধিক লাভ থাকে সেই ওষুধই ক্রেতা কিনতে বাধ্য হবেন। এবং অনৈতিক বিপণনের আরও এক নতুন দিক খুলে যাবে। এই প্রসঙ্গে কোম্পানি নির্ধারিত ওষুধের দাম ও মুদ্রিত সর্বোচ্চ বিক্রয়মূল্যের বিপুল ফারাক এবং বেসরকারি হাসপাতালগুলি কিভাবে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে বিশাল মুনাফা করে তা আদালতে তুলে ধরা হয়। এফএমআরএআই আদালতে ইউসিপিএমপি’কে বাধ্যতামূলক করার এবং বিধিভঙ্গের জন্য অপরাধী কোম্পানিগুলির বিরুদ্ধে আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট বিধান প্রণয়নের আবেদন জানায়।
যাই হোক, উক্ত কমিটির সুপারিশ প্রকাশ না করেই কেন্দ্রীয় সরকার ২০২৪ সালে সংশোধিত ইউসিপিএমপি প্রকাশ করে এবং দাবি করে যে, কল কমিটির সুপারিশ অনুযায়ী এই কোডের ধারাগুলো বাধ্যতামূলক করা হয়েছে। যদিও সর্বশেষ হলফনামায় কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে যে, ২০২৪ সালের ইউসিপিএমপি ছিল আংশিক বাধ্যতামূলক। এফএমআরএআই প্রথম থেকেই দাবি করে আসছে যে, ২০২৪ সালের ইউসিপিএমপি আসলে ‘নতুন বোতলে পুরানো মদ’ এবং কিছু কথার মারপ্যাঁচ ও বিভ্রান্তিকর উপস্থাপনার মধ্য দিয়ে সরকার অনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত ওষুধ কোম্পানিগুলিকে আইনি শাস্তিমূলক ব্যবস্থার আওতার বাইরে রাখতেই আগ্রহী। সর্বশেষ খবর, কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশমতো নীতি আয়োগের অন্যতম সদস্য এম শ্রীনিবাসের নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির অন্য দু’জন সদস্য হলেন পূর্বতন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান ও মেডেন্টা গ্রুপের (হাসপাতাল গ্রুপ) চেয়ারম্যান নরেশ ত্রিহান।
ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি, উচ্চহারে জিএসটি, দেশজুড়ে ভেজাল ও নিম্নমানের ওষুধের বেলাগাম ব্যবসার রমরমা, স্বাস্থ্যক্ষেত্রে অবাধ বেসরকারিকরণ ইত্যাদি বিষয়ে দেশজুড়ে বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইলেকটোরাল বন্ডের নাম করে ওষুধ কোম্পানিগুলির কেন্দ্রীয় শাসকদলকে বিপুল অর্থ দেওয়ার ঘটনাও সামনে এসেছে। এই সব আন্দোলনগুলিকে সংহত করে সংগঠিত রূপ দেবার লক্ষ্যে বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে সর্বভারতীয় জনস্বাস্থ্য কমিটি, যা সারাদেশে সাধারণ মানুষকে যুক্ত করে স্বাস্থ্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে মূলত চারটি সংগঠন, ডব্লিউবিএমএসআরইউ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পিআরসি এবং এএইচএসডি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে। সর্বভারতীয় ক্ষেত্রের অনুরূপে আমাদের রাজ্যেও অনেকগুলো সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ। কিছু কর্মসূচি রূপায়িত হলেও এখনও প্রত্যাশিত ঝাঁঝের অভাব আছে। মানুষের স্বাস্থ্যের অধিকার আদায়ের আন্দোলনে আইনি লড়াইয়ের পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলাই আগামীদিনে আশু প্রয়োজন।
Medicine Price
কর্পোরেট লুট, মহার্ঘ ওষুধ, বিপন্ন রোগী
×
Comments :0