Yogi Adityanath

দীপাবলিতে বাজি ফাটানোয় যোগীর উচ্ছ্বাস, দূষণ নিয়ে উদ্বেগকে কটাক্ষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

জাতীয়

দীপাবলি উপলক্ষে দেশজুড়ে আতশবাজি ও বাজি ফাটানোর ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত দিল্লি-এনসিআর এলাকায় বায়ুদূষণের মাত্রা ক্রমশ বাড়তে থাকলেও বাজি ফাটানো নিয়ে উদ্বেগকে কার্যত কটাক্ষ করেছেন তিনি। তার বক্তব্য, একদিন মানুষ উৎসবের আনন্দে বাজি ফাটালে দূষণের প্রসঙ্গ তুলে সমালোচনা শুরু হয়। অথচ দুর্নীতির মাধ্যমে যারা গোটা ব্যবস্থাকে দূষিত করছে, তাদের বিরুদ্ধে কেউ প্রশ্ন তোলে না।
যোগী আদিত্যনাথ বলেন, ‘যারা নিজেদের দুর্নীতিগ্রস্ত কাজের মাধ্যমে গোটা ব্যবস্থাকে দূষিত করেছেন, তাদের নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। কিন্তু সাধারণ মানুষ যদি একদিন বাজি ফাটিয়ে উৎসব উদ্‌যাপন করেন, তাহলেই দূষণের প্রসঙ্গ সামনে চলে আসে।’
দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, দূষণ হলেও তা একটা সময়ের পরে কমে যাবে। উৎসবের আনন্দ ও উদ্‌যাপনের ক্ষেত্রে কোনও ধরনের বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নয় তার সরকার। বরং মানুষ যাতে স্বাধীনভাবে উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরির পক্ষেই সওয়াল করেন তিনি। একদিকে যোগী যখন বাজি ফাটানোতে উৎসাহ দিচ্ছে তখন বায়ু দূষণের জেরে নাজেহাল অবস্থা দিল্লির। বহু মানুষ অসুস্থ। 
অযোধ্যায় নিজের দীপাবলি উদ্‌যাপনের প্রসঙ্গও তুলে ধরেন যোগী। জানান, তিনিও সেখানে আতশবাজি ও আলোর উৎসবে অংশ নিয়েছিলেন। তার মতে, উৎসবের সময়ই একটি বিশেষ মহল দূষণ নিয়ে বেশি সরব হয়ে ওঠে। অন্যরা যখন আনন্দ-উৎসবে মেতে থাকেন, তখনই তাদের দূষণের কথা মনে পড়ে।
তবে যোগীর এই মন্তব্যের প্রেক্ষাপটেই দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণের ভয়াবহ পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। ৮ নভেম্বর দীপাবলির আগে থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে। দিল্লির পাশাপাশি নয়ডা ও গুরুগ্রামেও ঘন ধোঁয়াশার চাদর দেখা যায়। একাধিক নজরদারি কেন্দ্রের পরিমাপ অনুযায়ী, অর্ধেকেরও বেশি পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুর গুণমান সূচক বা একিউআই ৪০০ ছাড়িয়ে যায়, যা ‘অতি ভয়াবহ’ পর্যায়ের অন্তর্গত।
৯ নভেম্বর সকালে দিল্লির বায়ুর গুণমান সূচক আরও খারাপ হয়ে অতি ভয়াবহ স্তরের দিকে এগিয়ে যায়। গত বছরের তুলনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে জানা গিয়েছে।
একদিকে যখন দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে তখন বাজি ফাটানোকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দীপাবলির আনন্দ উদ্‌যাপনের অধিকার এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা সম্ভব, সেই প্রশ্নও সামনে এসেছে।

Comments :0

Login to leave a comment