Baranagar

বরাহনগরে তালাবন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, খুনের সন্দেহ পুলিশের

রাজ্য জেলা

বরাহনগরে বহুতল আবাসনের তালাবন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকার একটি আবাসনের পাঁচতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ২৬ বছর বয়সী অঞ্জলি সাউয়ের দেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই মৃত্যুর পিছনে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার বছর ধরে ওই ফ্ল্যাটে অঞ্জলির দিদি ও জামাইবাবু থাকতেন। তবে ব্যবসায়িক কারণে বর্তমানে তারা হুগলির শ্রীরামপুরে বসবাস করছেন। ফলে বেশিরভাগ সময়ই ফ্ল্যাটটি ফাঁকা থাকত।
জানা গিয়েছে, গত সোমবার নিরাপত্তার কারণে ফ্ল্যাটের মূল চাবি স্থানীয় প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। প্রতিবেশীর দাবি, মঙ্গলবার দুপুরে তার কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন অঞ্জলি। এরপর বিকেল থেকে তার দিদি একাধিকবার ফোন করলেও কোনও উত্তর পাননি। উদ্বিগ্ন হয়ে তিনি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন।
এরপর প্রতিবেশীরা ফ্ল্যাটের সামনে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাননি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় বরাহনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানেই অঞ্জলির নিথর দেহ উদ্ধার হয়।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। পাশাপাশি খুনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আবাসন এবং আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছেন তদন্তকারীরা। 
তরুণীর শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এল এবং ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানতে এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Comments :0

Login to leave a comment