Amul Price Hike

কাল থেকে দাম বাড়ছে আমুল, মাদার ডেয়ারির দুধেরও

জাতীয়

মাদার ডোয়ারির পাশাপাশি দুধের দাম বাড়াচ্ছে আমুলও। আগামীকাল, বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই বাড়তি দাম দিতে হবে ক্রেতাদের। 
বুধবার, ১১ নভেম্বর, আমুল জানিয়েছে যে লিটারে প্রকারভেদে ২ থেকে ৬টাকা করে বাড়ানো হবে দুধের দাম। 
এর আগে মাদার ডেয়ারিও জানিয়ে দেয় যে বৃহস্পতিবার থেকেই প্রতি লিটারে দুধের দাম ২ থেকে ৪ টাকা করে বাড়বে।
দুই সংস্থাই যুক্তি দিয়েছে যে দুধ সংগ্রহ করার খরচ এবং সরবরাহে সঙ্কটের কারণে দাম বাড়াতে হচ্ছে। 
গত ১ নভেম্বর থেকে দুধের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে পশ্চিমবঙ্গের বাংলার ডেয়ারি। বাংলার ডেয়ারির দুগ্ধজাত পণ্যের দামও ১৫ থেকে ২৫ টাকা বেড়েছে। রাজ্য সরকার পরিচালিত এই সংস্থা দাম বাড়ালেও, অভিযোগ, গ্রামাঞ্চলে দুগ্ধচাষিরা এখনও একই দামে দুধ বিক্রি করছেন। প্রতি কেজি দুধ বিক্রি করে তাঁরা পাচ্ছেন ৩৬ টাকা। সেখানে বাংলার ডেয়ারির বিভিন্ন রকম দুধের মধ্যে সর্বোচ্চ দামের দুধের দাম করা হয়েছে লিটারে ৭০ টাকা। 
এর আগে কর্নাটকেও রাজ্য সরকার পরিচালিত ‘নন্দিনী’ দুধের দাম লিটারে ৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন যে দুগ্ধচাষিদের খরচ বেড়েছে। ফলে তাঁদের থেকে বাড়তি দামে দুধ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাড়াতে হচ্ছে দাম। প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে ডিজেল-পেট্রোলের দাম এবং গোখাদ্যের দাম বেড়ে যাওয়াও খরচ বেড়েছে উৎপাদনের। 
বুধবার ‘আমুল’-র সূত্রের উল্লেখ করে সংবাদসংস্থা বলেছে যে টোনড মিল্ক লিটারে ২ টাকা বাড়বে, ‘ফুল ক্রিম’ বাড়বে লিটারে ৪ টাকা। ‘ফুল ক্রিম’ মোষের দুধের দাম বাড়বে লিটারে ৬ টাকা। 
এমনিতেই আনাজের দাম চড়া। চড়ে রয়েছে চালের দাম। জ্বালানির দাম চড়া। তার ওপর বাড়ছে দুধের দাম। ক্রেতা সাধারণের অবস্থা সঙ্গিন।

Comments :0

Login to leave a comment