BJP UP Election

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ঘিরে এনডিএ-র আসন সমঝোতার প্রস্তুতি, শরিকদের জন্য ৬০ আসন ছাড়তে পারে বিজেপি

জাতীয়

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই এনডিএ-র শরিক দলগুলিকে নিয়ে আসন সমঝোতার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে জোটসঙ্গীদের জন্য প্রায় ৬০টি আসন ছেড়ে দেওয়ার কথা ভাবছে গেরুয়া শিবির। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির এই সম্ভাব্য আসন বণ্টনের পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, রাষ্ট্রীয় লোক দল (RLD), সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (SBSP), আপনা দল (এস) এবং নিষাদ পার্টির মতো শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এগোতে চাইছে বিজেপি। জাতপাত ও আঞ্চলিক সমীকরণকে মাথায় রেখেই এই আসন বণ্টনের পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের দাবি। জোটের পরিসর বাড়ানোর পাশাপাশি শরিক দলগুলির ভোটব্যাঙ্ককে এক ছাতার তলায় আনার লক্ষ্য রয়েছে বিজেপির।
বিজেপির মুখপাত্র মনীশ শুক্লা জানিয়েছেন, ২০২৭ সালের নির্বাচনে এনডিএ-র সমস্ত শরিক দলের লক্ষ্য একটাই ২০১৭ সালের নির্বাচনের তুলনায় আরও বেশি আসন নিয়ে জয় নিশ্চিত করা। তার বক্তব্য, শক্তিশালী জনাদেশ পেলে উত্তরপ্রদেশে উন্নয়নের কাজ আরও দ্রুত করা সম্ভব হবে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।
আসন বণ্টন নিয়ে প্রশ্ন করা হলে মনীশ শুক্লা বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত মঞ্চ হল এনডিএ। জোটের সব দল একসঙ্গে আলোচনা করে রাজ্যজুড়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
সমাজবাদী পার্টিকে আক্রমণ করতেও ছাড়েননি বিজেপির এই মুখপাত্র। তার কটাক্ষ, সমাজবাদী পার্টির সাইকেল পাংচার করে দেওয়া হবে।
অন্যদিকে, বিজেপির এই আসন সমঝোতার উদ্যোগকে কটাক্ষ করেছে সমাজবাদী পার্টি। তাদের বক্তব্য, একক শক্তিতে সরকার গঠনের আত্মবিশ্বাসের কথা আগে বললেও এখন বিজেপিকে শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি যথেষ্ট চিন্তিত।
সমাজবাদী পার্টির নেতা দীপক রঞ্জন বলেন, বিজেপি সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই কারণেই এখন শরিক দলগুলিকে নিয়ে জোটের শক্তি বাড়ানোর চেষ্টা করছে তারা। তবে এনডিএ-র পরিসর বাড়ালেও বিজেপি এই রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না বলে দাবি তার।
দীপক রঞ্জনের আরও বক্তব্য, সমাজবাদী পার্টির পাশে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের (PDA—পিছড়া, দলিত, অলপসংখ্যক) ক্রমবর্ধমান ঐক্য আগামী দিনে অখিলেশ যাদবের মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তনের পথ তৈরি করবে।
সব মিলিয়ে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। একদিকে শরিকদের নিয়ে আসন সমঝোতার প্রস্তুতি, অন্যদিকে জাতপাতের সমীকরণকে সামনে রেখে বিরোধীদের পাল্টা রাজনৈতিক অবস্থান দুই শিবিরের লড়াইয়ে এখন নজর উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলের।

Comments :0

Login to leave a comment