4-year-old child dies after falling into a manhole

দিল্লিতে ম্যানহোলে পরে মৃত ৪ বছরের শিশু, ৬ কিমি দূর থেকে উদ্ধার দেহাবশেষ

জাতীয়

দিল্লির নাংলি বিহার এলাকায় নর্দমায় পড়ে যাওয়া ৪ বছর বয়সী শিশুর মা।

দিল্লির শহরতলিতে নাংলি বিহার এলাকায় খোলা নর্দমায় পড়ে মৃত্যু হয়েছে ৪ বছরের এক শিশুর। খোলা নর্দমায় পড়ে যাওয়ার একদিনেরও বেশি সময় পর উদ্ধারকারী দল প্রায় ৬ কিলোমিটার দূরে নিলথির একটি জল পরিশোধনাগার থেকে শিশুটির দেহাংশ খুঁজে পেয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।  
পুলিশ জানিয়েছে যে, ইমরান নামের ওই শিশুটি মঙ্গলবার দুপুরে দাস গার্ডেন পার্কে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে খেলতে গিয়েছিল। ডিসিপি বিক্রম সিং বলেন, শিশুটি শৌচকর্মের জন্য নালার দিকে যাওয়ার সময় ম্যানহোলের ভেতর পড়ে যায়। 
ওই নিকাশি নালাটি সার্ভিস রোডের পাশ দিয়ে চলে গেছে। এর গা ঘেঁষেই রয়েছে ‘গন্ধা নালা’ নামে পরিচিত একটি ড্রেন।  রানহোলা ও নিলোথির মতো আউটার দিল্লির বিভিন্ন এলাকার প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওই ‘গন্ধা নালা’।
দুপুর ৩টা ২১ মিনিটে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, রানহোলা থানার পুলিশ ‘গান্ডা নালা’র পাশে অবস্থিত খেরি বাবা পুলের কাছে ওই ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই, উদ্ধারকাজ শুরু হয়।
রাত ৯টা পর্যন্ত শিশুটির কোনও সন্ধান না মেলায়, উদ্ধার অভিযানে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), ফায়ার ব্রিগেড এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর দলকে কাজে লাগানো হয়। 
তবে, রাত ১০টায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং বুধবার সকালে তা পুনরায় শুরু হয়।
বুধবার বিকেল ৪টার দিকে, একটি জল পরিশোধনাগারের কাছে নালার শেষ প্রান্ত থেকে ইমরানের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশের এক আধিকারিক জানান, “উদ্ধারকারী দল নর্দমার পথ ধরে এগিয়ে শেষ পর্যন্ত নিহাল বিহারের নিলথিতে অবস্থিত ডব্লিউটিপি-তে পৌঁছায়, সেখানেই শিশুটির দেহাবশেষ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে দেহটি সতর্কতার সঙ্গে উদ্ধার করে সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।”
ইমরান মোহন গার্ডেনের বাজারওয়ালি গলি এলাকায় তার পরিবারের সঙ্গে থাকত। যে ম্যানহোলে ইমরান পড়ে গিয়েছিলো সেটি প্রায় ২ ফুট চওড়া। ম্যানহোলটিতে আগে একটি লোহার ঢাকনা ছিল। কিন্তু সেটি সরিয়ে সেখানে কার্ডবোর্ড বসিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। 
পুলিশ জানিয়েছে যে, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে।
তবে, দিল্লির মতো একটি শহর কিভাবে নর্দমার ম্যানহোল খোলা থাকে তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মধ্যে রয়েছে ক্ষোভও।

Comments :0

Login to leave a comment