কলকাতা স্টেশনে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে সমস্ত মেল-এক্সপ্রেস এবং শহরতলির ট্রেন পরিষেবা চলাচল স্বাভাবিক হতে চলেছে, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।
গত সোমবার টালা পাম্পিং স্টেশনে ৭২ ইঞ্চি ব্যাসের একটি জল সরবরাহকারী পাইপলাইনে বড় ধরনের লিকেজের ফলে কলকাতা স্টেশন এবং ওই সংলগ্ন এলাকায় ব্যাপক জল জমে যায়। এর ফলে, কলকাতা স্টেশন থেকে যাওয়া মেল/এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল ব্যাহত হয়। সেইসঙ্গে, কলকাতা স্টেশনের মধ্য দিয়ে চলাচলকারী যাত্রীবাহী চক্র রেল পরিষেবাও ব্যাপকভাবে ব্যাহত হয়। একারণে, শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত শহরতলীর ট্রেন চলাচলেও সূচিও প্রভাবিত হয়।
এরপরই, কলকাতা স্টেশনের জলমগ্ন পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, গীতিকা পাণ্ডে। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয়েরও উদ্যোগ নেয় রেল।
অপরদিকে, উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় এখনও চলছে জল ভোগান্তি। কুমোরটুলি, শ্যামপুকুর, জোড়াবাগান, শোভাবাজার, বাগবাজার, মানিকতলা, পাইকপাড়া সহ বেলগাছিয়ার একাংশে এদিনও আসেনি কলের জল। যদিও, সোমবার দুপুর থেকেই কাজ শুরু করেছে কলকাতা কর্পোরেশন জল সরবরাহ বিভাগ। ঠিক টালা ব্রিজের তলায় ৭২ ইঞ্চির পাইপেই দেখা যায় মুল ফাটল। সেই কাজ এখনও সম্পন্ন হয়নি।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও দুদিন লাগতে পারে। ট্যাংকারের মাধ্যমে জলের ব্যবস্থা করলেও সবজায়গায় জল নিয়ে ট্যাংকার পৌঁছায়নি বলে উঠেছে অভিযোগ। কলকাতা কর্পোরেশনে বোর্ড না থাকার দরুন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কলকাতা কর্পোরেশন ট্যাংকারের জন্য একটি হেল্পলাইন চালু করলেও, ফোন করলে সাহায্য মেলেনি বলেও অভিযোগ উঠেছে।
tala pipe damage
টালার পাইপলাইন ফাটল, কাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও জারি জল সরবরাহে ভোগান্তি
×
Comments :0