New Shark Species in Indian Ocean identified by ZSI

ভারত মহাসাগরে হাঙড়ের নতুন প্রজাতি চিহ্নিত করলেন জীববিজ্ঞানীরা

জাতীয়

চিংড়ি ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উঠে এসেছিল গভীর সমুদ্রের হাঙড়। এতদিন এই প্রজাতিকে মনে করা হতো আটলান্টিকে ব্র্যাম্বল শার্কের ভারতীয় সংস্করণ। কয়েক দশকের ভুল শনাক্তকরণের অবসান ঘটিয়ে ভারত মহাসাগরে এই প্রজাতিকে পৃথক বলে চিহ্নিত করলেন ভারতীয় বিজ্ঞানীরা। 
নতুন এই প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘ইকিনোরিনাস রোইনি’ (Echinorhinus roinee), যা ‘ইন্ডিয়ান ব্র্যাম্বল শার্ক’ নামে পরিচিত।
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই) এবং আইসিএআর-সিএমএফআরআইয়ের গবেষকেরা যৌথ ভাবে এই প্রজাতি শনাক্ত করেছেন। 
কেরলের কোল্লামের শক্তিকুলাঙ্গারা মৎস্যবন্দর থেকে পাওয়া নমুনা পরীক্ষা করে এই আবিষ্কার। গভীর সমুদ্রে ৩৫০ থেকে ৪৫০ মিটার গভীরতায় এদের বাস। দৈর্ঘ্য হতে পারে তিন মিটার পর্যন্ত।
গবেষকদের মতে, শারীরিক বৈশিষ্ট্য ও ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এই হাঙর আটলান্টিকের ব্র্যাম্বল শার্ক এবং প্রশান্ত মহাসাগরের প্রিকলি শার্ক থেকে সম্পূর্ণ পৃথক। ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সমুদ্রেও এদের উপস্থিতি থাকতে পারে।
এত দিন ভারতীয় জলসীমায় ধরা পড়া এই হাঙরকে ভুল করে আটলান্টিকের প্রজাতি হিসেবে চিহ্নিত করা হত। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘রেকর্ডস অফ দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ পত্রিকায়। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের ডিপ ওশান মিশনের আর্থিক সহায়তায় গবেষণাটি সম্পন্ন হয়েছে।

Comments :0

Login to leave a comment