fake court directive

আদালতের ভুয়ো নির্দেশিকা দেখিয়ে ১২৯টি ওয়েবসাইট বন্ধে দায়ের মামলা

জাতীয়

হাইকোর্টের ভুয়ো আদেশ দেখিয়ে বন্ধ করা হয়েছে ১২৯টি ওয়েবসাইট। এই জালিয়াতির নিয়ে মামলা দায়ের করল এলাহাবাদ হাইকোর্ট। 
এদিকে রাজস্থান হাইকোর্টও জানিয়েছে যে নির্দেশে নামে প্রতারণা করা হয়েছে। গোটা ঘটনা ঘিরে এআই দিয়ে তৈরি সিল এবং নির্দেশের জাল প্রতিলিপি নজরে রয়েছে তদন্তকারীদের।  
এই দুটি আদালতের নথি বলে জাল নির্দেশিকাকে ব্যবহার করে অনলাইন জুয়া চালানোর ১২৯টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়।
এলাহাবাদ হাইকোর্টের যুগ্ম নিবন্ধক (সিভিল)-র লিখিত অভিযোগের ভিত্তিতে, ৬ নভেম্বর প্রয়াগরাজের ক্যান্টনমেন্ট থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রয়াগরাজ পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩১৮(২), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৭, ৩৩৮ এবং ৩৪০(২) ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। এই ধারাগুলি মূলত প্রতারণা, জালিয়াতি এবং জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করার মতো অপরাধের সঙ্গে সম্পর্কিত। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাগুলোও এতে যুক্ত করা হয়েছে।
পুলিশের ডিসিপি (নগর) সাগর জৈন বলেন, পুলিশের সাইবার অপরাধ ও প্রযুক্তিগত তদন্তকারী দলগুলি এই প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। পাশাপাশি, অপরাধের জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয়েছে তার আইপি অ্যাড্রেসও খুঁজে বের করার চেষ্টা করছে।
রয়টার্সের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের নামে দুটি ভুয়ো নির্দেশ তৈরি করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল টেলিযোগাযোগ বিভাগকে বিভ্রান্ত করা, যাতে তারা ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ওই ওয়েবসাইটগুলো বন্ধ করার নির্দেশ দেয়।
ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস ২১ জুলাই এবং ২ সেপ্টেম্বর ব্লক করার নির্দেশিকা জারি করে। জমা দেওয়া আদালতের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। উভয় নির্দেশনার সঙ্গে ইমেইলের মাধ্যমে কিছু নথির অনুলিপি ও পাঠানো হয়। তবে, উভয় আদালতের নথিপত্রে খোঁজ নিয়ে দেখা যায় যে, ওই নির্দেশগুলির কোনোটিই সেখানে নথিভুক্ত করা হয়নি।
পরে যদিও রাজস্থান হাইকোর্ট নিশ্চিত করেছে যে নির্দেশিকাটি জাল ছিল এবং তাদের সার্ভারে এমন কোনো নথি ছিল না। আদালত এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায়।
পাশাপাশি, এলাহাবাদ হাইকোর্ট দেখেছে যে, তাদের নামে জারি করা একটি  নির্দেশিকা যার মাধ্যমে আরও কিছু ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, তা আসলে ভুয়ো।  রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এরপর ৬ নভেম্বর আদালত পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment