Illegal Capture of Power

ক্ষমতার অবৈধ পথ

সম্পাদকীয় বিভাগ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে গুরুতর সন্দেহ দানা বেঁধেছে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে। এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে দেশ উত্তাল। বিরোধীদের অভিযোগ মোদী সরকারের পরামর্শে রাজ্যে রাজ্যে ভোটার তালিকা থেকে নির্বিচারে ঢালাও ছাঁটাই করা হচ্ছে বৈধ ভোটারদের নাম। তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক ঘটনা হলো যাদের নাম ছাঁটা হচ্ছে তারা প্রধানত দলিত, আদিবাসী, সংখ্যালঘু মুসলিম এবং অবশ্যই গরিব প্রান্তিক মানুষ। বস্তুত এসআইআর করে বিপুল অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বিহারে ক্ষমতা রক্ষা করেছে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে বিজেপি। বিরোধীদের মতে এটা এক ধরনের ভোট চুরি। নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন পর্বে নানা কৌশলে ভোট চুরি করে শাসক বিজেপি-কে জেতানোর ব্যবস্থা করছে কশিন। নির্ভেজাল এবং স্বচ্ছতার মধ্যে যদি গোটা ভোট পর্ব পরিচালিত হয় এবং মানুষ যদি ঠিকঠাক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে বিভিন্ন নির্বাচনের ফলাফল অন্যরকম হতো। মোদী জমানায় ধাপে ধাপে নির্বাচন কমিশনকে এমনভাবে সরকার তথা শাসক দলের বিশ্বস্ত অনুগত প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে তাতে এই কমিশনের কাছ থেকে প্রকৃত জনমতের প্রতিফলন প্রত্যাশা করা অর্থহীন।
শুধু এসআইআর নয় তার অনেক আগে থেকেই ভোট চুরির নানা কলাকৌশল চালু হয়ে গিয়েছিল অত্যন্ত গোপনে। এসব ফন্দি ফিকির যাতে প্রকাশ্যে চলে না আসে তাই নানাভাবে তথ্যের গোপনীয়তা রক্ষার প্রয়াস শুরু হয়। আগে কমিশন বুথ ভিত্তিক ভোটের ফলাফল প্রকাশ করতো। তাতে ভোটদান, ভোট গণনা, জয়-পরাজয়ের ব্যবধান ইত্যাদি যাবতীয় বিষয় মানুষ নিজেরাই যাচাই করার সুযোগ পেতেন। ভুল হলে, কারচুপি হলে ধরা পড়তো। মোদী জমানায় ২০১৯ সালে দ্বিতীয় লোকসভা নির্বাচন থেকে বুথভিত্তিক তথ্য প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে ৩৭৩ কেন্দ্রের প্রদত্ত ভোট ও গোনা ভোটের মধ্যে বিস্তর গরমিল দেখা গিয়েছিল। এইভাবে একের পর এক নানা গরমিল ও কারচুপি প্রকাশ্যে আসতে থাকায় মোদী সরকার নির্বাচন বিধিতে সংশোধন এনে নির্বাচন সংক্রান্ত এমন তথ্য প্রকাশ বন্ধ করে দেয়। অর্থাৎ চুরি-জোচ্চুরি আড়াল করার জন্যই এটা করা হয়।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র এবং সংবাদ পোর্টাল ‘দ্য রিপোটার্স কালেক্টিভ’ কমিশনের অভ্যন্তরীণ বিস্তর তথ্য পরিসংখ্যান যাচাই করে অন্তত ৫১টি আসনে বিস্তর গরমিলের প্রমাণ পেয়েছে। কোথাও ভোট পড়ার তথ্য নেই। কোথাও প্রদত্ত ভোটের সংখ্যা এবং ইভিএম-এ গোনা ভোটের সংখ্যায় বিরাট ফারকা। অর্থাৎ কোথাও ইভিএম-এ পড়া ভোটের থেকে অনেক বেশি ভোট গণনায় দেখানো হয়েছে। আবার কোথাও উল্টোটা দেওয়া হয়েছে। এভাবে বহু কেন্দ্রে ভোটের ফলাফল বদলে দেওয়া হয়েছে। বস্তুত ভোট চুরির এমন বিচিত্র ও অভিনব কৌশল আমদানি হয়েছে মোদী জমানায়। তাতেও যখন মোদীদের ক্ষমতায় থাকা ও ফেরা নি‍শ্চিত হচ্ছে না তখন এসআইআর’র মতো দানবীয় প্রক্রিয়ায় ১৩ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে।

Comments :0

Login to leave a comment