ভাস্করানন্দ রায়
পশ্চিমবঙ্গের অন্যতম অর্থকরী ফসল আলু। অথচ এই আলু চাষ করেই প্রতি বছর লোকসানের মুখে পড়ছেন রাজ্যের হাজার হাজার চাষি। কীভাবে আলু বিক্রি হবে, কীভাবে সংরক্ষণ করা হবে, চাষিরা কী দাম পাবেন— এসব বিষয়ে সরকারের সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি নীতি না থাকায় আলু চাষিদের দুর্দশা ক্রমশ বাড়ছে। বাড়ছে ঋণের বোঝা, অনিশ্চিত হয়ে পড়ছে তাঁদের ভবিষ্যৎ।
গত ৫ নভেম্বর পুরশুড়ায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আলু সম্পর্কিত যে সব ঘোষণা করেছেন, তাতে আলু চাষিরা সন্তুষ্ট নন। তাঁদের বক্তব্য, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আলু চাষিদের কুইন্টাল প্রতি ২০০ টাকা দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতির বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। বরং আগামী বছরের আলু চাষ নিয়ে কিছু কথা বলা হয়েছে। অথচ এ বছরের উৎপাদিত আলুর কী হবে, সেই প্রশ্নের কোনও উত্তর নেই। চাষিদের আরও বক্তব্য, ৫০টাকা ভরতুকি দিয়ে তাঁদের সমস্যার সমাধান হবে না। গত বছর যে খরচে আলু চাষ করেছিলেন, এ বছর সেই খরচ আরও বাড়বে। উদাহরণ হিসাবে তাঁরা জানাচ্ছেন, গত বছর ইফকো সারের ৫০ কেজির বস্তার দাম ছিল ১,৭৫০ টাকা, এ বছর তা বেড়ে হয়েছে ২,৫০০ টাকা। অথচ সার, বীজ ও আলুর ওষুধের দাম কমানোর বিষয়ে কোনও আশ্বাস মেলেনি।
ইতিমধ্যেই হুগলীর পশ্চিমাঞ্চল এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় নিম্নচাপের বৃষ্টির জলে সদ্য বসানো আলু পচে গেছে। এই ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা কী হবে? অন্যদিকে, পাঞ্জাব থেকে আসা আলুবীজের গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে, অথচ বীজ কেনার মতো পর্যাপ্ত খদ্দের নেই। সব মিলিয়ে আলুচাষকে ঘিরে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আলু চাষিরা যখন মানসিকভাবে বিপর্যস্ত ঠিক সেই সময়ই রাজ্যের কৃষি মন্ত্রী নাকি বলেছেন,"চাষিরা এত আলুচাষ করছে কেন"? আসলে সরকারের ব্যর্থতা চাষিদের ঘাড়ে চাপিয়ে নিজেদেরকে রক্ষা করতে চাইছে। মন্ত্রী মহোদয়ের এই মন্তব্যে চাষিরা খুবই ক্ষুব্ধ। বর্তমান সরকারের আগে তৃণমূল সরকারের আমলেও আলু চাষিদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে চাষিদের অভিযোগ। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর ঘোষণাতেও তাঁরা সমস্যার সুস্পষ্ট দিশা দেখতে পাচ্ছেন না।
এক বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা। অথচ হিমঘরে রাখা ৫০ কেজি আলুর বস্তা গত ৭ নভেম্বর হুগলীর গোঘাটের ভিকদাস হিমঘরে বিক্রি হচ্ছে ১১০ টাকা বস্তা। সাত্তার আলি বলে এক চাষি জানান, খালি বস্তার দাম ৪০ টাকা ছিল। বস্তায় আলু প্যাকেট করা, এবং বহন খরচ ২০ +২০ = ৪০ টাকা। এক প্যাকেটে আলুর খরচ হচ্ছে ৮০ টাকা। এরপর আছে এক বস্তা আলুর উৎপাদন খরচ। ১১০ টাকায় বিক্রি হলে চাষির কিছুই থাকবে না। ওই চাষির বক্তব্য, "আলু চাষ ছিল তাঁর পাঁচ বিঘে দশ কাঠায়। তাতে খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। আলু বিক্রি হয়েছে ৬০ হাজার টাকায়। ৮০ হাজার টাকা লোকসান।’’ তাঁর বক্তব্য, "আমি কিভাবে সংসার চালাবো! এ বছর কার্যত ডাহা লোকসান। দেনার বোঝা বাড়ছে, অথচ সেই দেনা শোধ করার মতো বিকল্প কোনও আয়ের রাস্তা আমার নাই, অধিকাংশ চাষিরও নেই।’’
সমবায় সমিতি থেকে আলু চাষের জন্য ঋণ নেওয়া বহু চাষি সেই ঋণও শোধ করতে পারছেন না। অথচ ধনী ব্যক্তিদের ঋণ সহ তার সুদ ছাড় করে দিচ্ছে দেশের সরকার। আর কৃষকরা দেনার দায়ে মরছে। ইতিমধ্যেই দেনার দায়ে কয়েকজন চাষির আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। আলু চাষিদের নিয়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত। কিন্তু তাতেও সরকারের নীতিতে প্রত্যাশিত পরিবর্তন দেখা যাচ্ছে না।
এই সমস্যার সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। রাজ্য সরকারকে আলু চাষিদের স্বার্থে কয়েকটি জরুরি পদক্ষেপ নিতে হবে: ১. আলুর ন্যূনতম লাভজনক দাম নিশ্চিত করতে হবে। ২. ভিনরাজ্যে আলু পাঠানোর জন্য স্থায়ী বাজার ও পরিবহণের ব্যবস্থা করতে হবে। ৩. বিদেশে আলু রপ্তানির উদ্যোগ নিতে হবে। ৪. আলুভিত্তিক শিল্পস্থাপনে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে উদ্যোগী হতে হবে। ৫. হিমঘরের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নতি করতে হবে। ৬. সার, বীজ ও কীটনাশকের কালোবাজারি বন্ধ করে ন্যায্য দামে কৃষি উপকরণ সরবরাহ করতে হবে। ৭ প্রাকৃতিক বিপর্যয়ে আলুর ক্ষতি হলে আলু চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং সমস্ত ঋণ ছাড় ঘোষণা করতে হবে। তবেই আলু চাষিদের সমস্যার কিছুটা স্থায়ী সমাধান সম্ভব।
প্রশাসনিক দক্ষতা, পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে রাজ্যের সরকার অন্য রাজ্যে আলু পাঠানো কিংবা বিদেশে রপ্তানির ক্ষেত্রে প্রত্যাশিত উদ্যোগ নিতে পারছে না বলে মনে হচ্ছে। পুরানো রেকর্ড অনুযায়ী, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সালে আলু রপ্তানির ক্ষেত্রে মহারাষ্ট্র প্রথম, বিহার দ্বিতীয়, তামিলনাড়ু তৃতীয়, কেরল চতুর্থ, রাজস্থান পঞ্চম এবং পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থানে ছিল। আলু উৎপাদনে গুরুত্বপূর্ণ রাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ কেন রপ্তানিতে পিছিয়ে থাকবে? এই প্রশ্নের উত্তর রাজ্য সরকারকে দিতে হবে।
এ বছর আলু চাষিদের কাছে আরেকটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে রাসায়নিক সারের অত্যধিক দাম ও কালোবাজারি। কৃষকদের বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। সারের কালোবাজারি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়? কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি আলুর বাজারের সঙ্কটের সঙ্গে যুক্ত হয়েছে মূল্যবৃদ্ধির দাপট। সম্প্রতি প্রকাশিত সেপ্টেম্বর ২০২৬-এর মূল্যবৃদ্ধির পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ৭.৭৪ শতাংশ। গ্রামীণ এলাকায় সামগ্রিক মূল্যবৃদ্ধির হার ৬.০৮ শতাংশ এবং শহরাঞ্চলে ৪.৮৮ শতাংশ। হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। আবার দুধের দামও রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছে। গোরু বিক্রিও বন্ধ। এই পরিস্থিতিতে চাষিরা যদি তাঁদের উৎপাদিত আলুর ন্যায্য দাম পেতেন, তাহলে কিছুটা হলেও তাঁদের আর্থিক সঙ্কট সামাল দেওয়া সম্ভব হতো।
অতীতে বামফ্রন্ট সরকারের সময়ে আলু চাষিদের ভরতুকি দেওয়া এবং অন্য রাজ্যে ও বিদেশে আলু পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতার কথাও আজ চাষিরা স্মরণ করছেন। তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে চাষিদের বর্তমান হতাশা ও ক্ষোভের প্রতিফলন ঘটছে। আলু চাষিদের স্বার্থে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষকদের সংগঠিত করে আলুর ন্যায্য মূল্য আদায় করতে হবে এবং সারের কালোবাজারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কৃষক সারা বছর পরিশ্রম করে মানুষের খাদ্যের জোগান দেন, সেই কৃষকই যদি ফসল ফলিয়ে ঋণের বোঝায় সর্বস্বান্ত হন, তাহলে কৃষি ও কৃষকের ভবিষ্যৎ কোথায়? আলু উৎপাদন করাই কি কৃষকের অপরাধ? সরকারকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে।
Comments :0