Arvind Kejriwal

অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৭ কোটি টাকা দাবি, নিশানায় মেয়েও

জাতীয়

প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই হুমকি দিয়েছে বলে অভিযোগ। কেজরিওয়ালকে প্রাণে বাঁচাতে হলে ৭ কোটি টাকা দিতে হবে বলে দাবি করা হয়েছে। টাকা না দিলে কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি সামনে এনেছেন দিল্লির তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিং। তার অভিযোগ, বিদেশে যোগাযোগ রয়েছে এমন এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে তাকে ফোন করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপেও হুমকিবার্তা পাঠানো হয়।
গত ৬ নভেম্বর পাঞ্জাবের মোহালি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জার্নেল সিং। অভিযোগে তিনি জানান, ওই ব্যক্তি ৭ কোটি টাকা দাবি করেছেন। টাকা না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতাকে খুন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক সুনীল কুমারকে।
তদন্তকারীরা ইতিমধ্যেই হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল (IP) লগ এবং অবস্থান সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন। হুমকির উৎস এবং এর পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানিয়েছেন জার্নেল সিং।
এই ঘটনার রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট। পাঞ্জাবে বর্তমানে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বে চলছে সরকার। কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে দলের প্রধান কেজরিওয়ালকে খুনের হুমকির ঘটনায় রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ফের সামনে আসায় দেশের সংগঠিত অপরাধচক্রগুলির কার্যকলাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তোলাবাজি, গুলি চালানো এবং পরিকল্পিত খুনের একাধিক ঘটনায় এই গ্যাংয়ের নাম উঠে এসেছে।
জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র দাবি, জেলে বন্দি থেকেও অপরাধচক্র পরিচালনা করতো লরেন্স বিষ্ণোই। এই কাজে তার সঙ্গে যুক্ত ছিল আর এক গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং বিদেশে থাকা আরও কয়েকজন অপরাধী। দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় শ্যুটার ও নিরাপদ আশ্রয়স্থলের নেটওয়ার্ক ব্যবহার করে এই চক্র অপরাধমূলক কাজকর্ম চালাত বলে জানিয়েছে এনআইএ।
তবে কেজরিওয়ালকে দেওয়া সাম্প্রতিক হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রকৃত যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তের পরেই এ বিষয়ে স্পষ্ট ছবি সামনে আসবে।

Comments :0

Login to leave a comment