জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। টহলদারিতে গিয়ে নিখোঁজ হওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)-র দেহ। মৃতদের নাম রশপাল কুমার (৪০) এবং বাবি চাঁদ (৫৪)। কিস্তওয়ার জেলার দুর্গম ডাচান-মারওয়া এলাকায় ডিউটিতে যাওয়ার সময় তাঁদের উপর জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, দুই এসপিও সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহলদারির দায়িত্বে ছিলেন। ডিউটিতে থাকা দুই সহকর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে তারা পোস্টের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই তাদের উপর হামলা হয় বলে মনে করা হচ্ছে। পরে পোস্ট থেকে উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে তাদের দেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া দেহ দুটির মধ্যে একটির মাথায় এবং অন্যটির পিঠে গুলির ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে তাদের সঙ্গে থাকা সার্ভিস রিভলভার পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, দুই পুলিশকর্মীকে খুনের পর তাদের অস্ত্র নিয়ে পালিয়েছে হামলাকারীরা।
জানা গিয়েছে, প্রথমে দুই এসপিও-র মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে দু'জনের ফোনই বন্ধ হয়ে যায়। এর মধ্যেই এলাকায় গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে খবর। দীর্ঘক্ষণ তারা ফিরে না আসায় শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে সকালে তাদের দেহ উদ্ধার হয়।
ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলছে। কিস্তওয়ারের দুর্গম পাহাড়ি ও জঙ্গল এলাকায় জঙ্গি কার্যকলাপ নির্মূল করতে দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। একাধিক অভিযানে বেশ কয়েকজন সক্রিয় সন্ত্রাসবাদীর মৃত্যুও হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও কিস্তওয়ারে এক এসপিও-র রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছিল। গত ১৬ অক্টোবর ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজের বাড়ির কাছে উদ্ধার হয়েছিল ৫৫ বছর বয়সি বশির আহমেদের দেহ। পেডিল পুলিশ পোস্টে কর্মরত বশির ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। তার সঙ্গে থাকা সার্ভিস রিভলভার (SLR) এবং ম্যাগাজিনও পাওয়া যায়নি। পরবর্তী পুলিশি তদন্তে জানা যায়, জমি সংক্রান্ত বিবাদের জেরে আত্মীয়দের হাতেই খুন হয়েছিলেন তিনি।
পরপর দুই এসপিও-র মৃত্যু এবং তার আগে আর এক পুলিশকর্মীর খুনের ঘটনায় কিস্তওয়ারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Kashmir
জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দুই এসপিও-র দেহ
×
Comments :0