সরকারি খাস জমি। সেই জমিতেই গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। আর সেই সরকারি জমিতে এলাকার মানুষের মতামতকে উপেক্ষা করে গড়ে উঠছে হরি মন্দির। অথচ নির্মীয়মান সেই মন্দিরের পাশেই শতবর্ষ প্রাচীন একটি হরিবোল মেলা আছে। আর এই নতুন করে সরকারি জমিতে মন্দির তৈরীর বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামের আপামোর মানুষ। সরকারি জমি দখল করে সেখানে মন্দির তৈরীর বিরোধিতায় নেমেছে সিপিআই(এম) এবং বিজেপি।
যিনি এই মন্দির নির্মাণ করছেন তিনি আবার বরাবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ। তিনি কোনও কিছুই মানেন না। তোয়াক্কা করেন না। এতটাই তার দাদাগিরি যে প্রতিবাদী সিপিআই(এম) নেতাকে মারতে এগিয়ে যান খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের সামনেই। অকথ্য ভাষায় গালাগালি দেন। এলাকার মানুষজন মহকুমা শাসক, জেলা ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, বিডিও থেকে থানা সর্বত্রই জানিয়েছেন। তাদের বক্তব্য সরকারি জমিতে কেন গড়ে উঠবে মন্দির?
পুরুলিয়ার বরাবাজার ব্লকের ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রাম। গ্রামের ঠিক মাঝখানে একশ বছর আগে চন্দনপুর ৯০ নম্বর মৌজাভুক্ত ৬০৪ নাম্বার দাগে একটি রাসমেলা গড়ে উঠেছিল। ১৯৬৪ সালের আরএস ম্যাপে এক ডেসিমেল জমি নথিভুক্ত আছে। আজও সেই মন্দির কিন্তু রয়েছে। ওই ৯০ নম্বর মৌজাভুক্ত এক নং খতিয়ানভুক্ত পশ্চিমবঙ্গ সরকারের ৬০৫ নম্বর হাল দাগে মোট ৬৯ ডেসিমেল জমিতে সরকারি অনুমোদিত একটি সীমানা প্রাচীর রয়েছে। ২০১৭ -১৮ আর্থিক বর্ষে ১২, ০৬, ৪৯২ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল বরাবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। দেয়ালে লেখা আছে চন্দনপুর সাব হেল্থ সেন্টার এর সীমানা প্রাচীন নির্মাণ করা হলো। সেই সীমানা প্রাচীরের মধ্যেই রয়েছে আইসিডিএস কেন্দ্র ও সরকারি স্বাস্থ্য কেন্দ্র। এবং সেই খানেই একটি অননুমোদিত মন্দির নির্মাণের কাজ চলছে। এই স্বাস্থ্য কেন্দ্রটির উপর চন্দনপুর ,খাঁড়িপাহাড়ি, মুরগাবেড়া, বাসুদেবপুর , শ্যামরোলা, লাউবেড়া, চিপিংডি গ্রামের মানুষজন নির্ভরশীল। গত এক দেড় বছর ধরে সেই সরকারি জমিতে গড়ে উঠছে একটি মন্দির। যার বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার সব রাজনৈতিক দলের কর্মীরা। স্থানীয় সিপিআই(এম) নেতা কিরিটি ভূষণ মাহাতোর প্রশ্ন তুলেছেন, ''কেন সরকারি জমি দখল করে সেখানে মন্দির নির্মাণ করা হবে। প্রাচীরের দেওয়ালে লেখা রয়েছে পঞ্চায়েত সমিতি থেকে ওই স্বাস্থ্য কেন্দ্রের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়েছে। তাহলে তার মধ্যে কেন মন্দির নির্মাণ হবে। সরকার নির্দিষ্ট করে জানাক এবং আইসিডিএস কেন্দ্র ও চন্দনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি রেকর্ডভুক্ত করে চিহ্নিত করুক এবং এলাকার উন্নয়নের জন্য ব্যবহার ও ব্যবহারকারীগণের জন্য স্পষ্ট নির্দেশাবলি প্রণয়ন করুক।"
সরকারি জমিতে এভাবে বেআইনিভাবে হরি মন্দির তৈরীর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় মন্ডল সভাপতি দিলীপ কুমার মাহাতোর বক্তব্য, এভাবে কখনওই সরকারি জমিতে বেআইনিভাবে মন্দির নির্মাণের কাজ মেনে নেওয়া যায় না। সরকারের জমি আছে সরকারের নির্দিষ্ট উন্নয়ন মুখী কাজের জন্য। সেখানে কেন মন্দির নির্মাণ করা হবে।
চন্দনপুর গ্রামের বাসিন্দা বিভূতি মাহাতোর বক্তব্য পাঁচ বছর পরে পরে সরকার পরিবর্তন হয়। এখন তৃণমূল চলে গেছে বিজেপি এসেছে। পাঁচ বছর পরে আবার কোনও নতুন সরকার হয়তো আসবে। তখন তারাও এখানে একটি মন্দির নির্মাণ করবে। আগামী দিনে গ্রামের জনসংখ্যা বাড়তে পারে। স্বাস্থ্য কেন্দ্রের উন্নতির জন্য জমি দরকার। দরকার এলাকায় একটি লাইব্রেরী গড়ে তোলা। সেই সবগুলো না করে কেন মন্দির নির্মাণ করা হবে। যদি দরকারই হতো তাহলে পুরনো মন্দিরটিকেই কেন সংস্কার করা হচ্ছে না। এভাবে সরকারি জমিতে মন্দির নির্মাণের বিরুদ্ধে তার মত অনেক গ্রামবাসী।
যিনি এই মন্দির নির্মাণ করছেন তিনি আবার বরাবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ। নাম তরুণ মাহাতো। তার দাবি, ষোলআনা ওই মন্দির নির্মাণ করছে। আর তার কাছে ষোলআনা মানেই হচ্ছে সরকার। তার দাপট এতটাই যে সবার সামনেই তিনি হুমকিও দিতে পারেন। অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারেন। অভিযোগ স্থানীয় ওই সিপিআই (এম) নেতার বাড়ির সামনে গিয়ে তাকে হুমকি এবং গালিগালাজ দিয়ে আসেন। প্রশ্ন এখন একটাই, বন্ধ হবে কী এই দখলদারের রাজনীতি। সরকারি জমিতে মন্দির তৈরি হলেও কী প্রশাসন চুপ করে থাকবে।
Comments :0