মুক্তধারা
উৎসব ১৪৩৩
প্রবন্ধ
আন্তর্জাতিক বিজ্ঞান দিবসের ভাবনা : কৃশানু ভট্টাচার্য্য
১২ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
জন্ম মুহূর্ত থেকেই আমাদের বড় হয়ে ওঠা বিজ্ঞানকে নিয়ে।' বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ?' অথবা মানব জীবনে বিজ্ঞান নিয়ে দু চার লাইন লিখতে হয়নি এবং মানুষ মেলা খুব কঠিন। রোজকার জীবনে প্রতিটি মুহূর্তে জীবনকে সুন্দর করে পরিচালনা করবার ক্ষেত্রে বিজ্ঞানকে সঙ্গে নিয়েই আমাদের চলা। তাই বিজ্ঞানের প্রয়োগ নিয়ে নানা সময়ে আমাদের নানা ধরনের ভাবনা। ভাবনা এ কারণেই কারণ আমরা এটা বিশ্বাস করি আমাদের জীবনের বহু সমস্যার সমাধান করতে পারেন বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা।
কিন্তু বিজ্ঞানের অপপ্রয়োগ নিয়েও আমাদের চিন্তার শেষ নেই। আর সেই কারণেই ১৯৯৯ সালে বুদাপেস্টে বিজ্ঞান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে উচ্চারিত হয়েছিল একটি বার্তা। তার পোশাকি নাম ‘ডিক্লারেশন অন সায়েন্স এন্ড দি ইউজ অফ সাইন্টিফিক নলেজ’। এই ঘোষণা পত্রে বলা হয়েছিল, বিজ্ঞানের জ্ঞান ব্যবহৃত হবে মানব সমাজের অগ্রগতির জন্য, মানুষের জীবনের অর্থনৈতিক মান উন্নয়নের জন্য । পৃথিবীজুড়ে পরিবেশের সমস্যা সহ বিভিন্ন ধরনের সংঘাতের পরিস্থিতিতে মোকাবিলা করেই সার্বিক শান্তি এবং উন্নয়নের জন্য বিজ্ঞানকে আমরা কাজে লাগাবো। বিজ্ঞান আমাদের সমাজকে উন্নত করবে, আমাদের সমাজকে বিজ্ঞানসম্মতভাবে চালিত করতে নৈতিকভাবে আলোকিত করবে। এই লক্ষ্যকে সামনে রেখেই ২০০১ সালে ইউনেস্কো ঘোষণা করে ১০ নভেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হবে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। যে দিনটিতে আমরা বিজ্ঞানকে শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে পরিচালিত করবার জন্য শপথ গ্রহণ করবো।
আজ সেই ১০ নভেম্বর. পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিজ্ঞান কর্মী এবং বিজ্ঞানীরা একত্রে এই দিনটি পালন করছেন । সারা বছর ধরে বিভিন্ন দিনকে আমরা বিভিন্ন দিবস হিসেবে পালন করে থাকি। আসলে এই পালনের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে আলোকিত করি যাতে করে সারা বছর আমাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে ওই বিশেষ লক্ষ্যগুলো তাদের প্রয়োজনীয় গুরুত্ব পায়। আমরা এই দিনগুলোর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে যাওয়া মানুষগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজকের দিনটি সেই কারণে আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিজ্ঞানকে আমরা আমাদের জীবনে কোন কোন আঙ্গিকে ব্যবহার করব , বিজ্ঞানের কোন কোন সুফল গুলিকে আমরা নিজেদের মধ্যে বন্টন করে নেব, বিজ্ঞানের কোন কোন অপপ্রয়োগকে আমরা নৈতিকভাবে প্রতিরোধ করব সেই বিষয়ে আজ নিজেদেরকে সচেতন করার দিন।
এ ব্যাপারে কথা আমরা সকলেই জানি যে ২০২৪ ২০৩৩ পর্যন্ত এই দশকটিকে ইউনেস্কো চিহ্নিত করেছেন বিজ্ঞানের প্রয়োগের মধ্যে দিয়ে টেকসই উন্নয়ন বা সাসটেইনেবল ডেভেলপমেন্টের দশক হিসেবে। এই দশকে যে লক্ষ্যগুলিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সারা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো বৈজ্ঞানিকভাবে সচেতন একটি জনসমষ্টি তৈরি করা এবং টেকসই উন্নয়ন বিষয়ে নাগরিক সচেতনতা তৈরীর জন্য বিজ্ঞানের ভাবনা এবং ধারণাগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর পাশাপাশি রয়েছে উদভাবনী কৌশলের বিকাশের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা। প্রধানত বিজ্ঞানের সুফলগুলোকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা পৃথিবী জুড়েই নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
২০২৬ সালের আন্তর্জাতিক বিজ্ঞান দিবসের অন্যতম লক্ষ্য হলো পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তিগত সম্পর্ককে উন্নত করতে হবে। বিজ্ঞানের সাহায্যে টেকসই উন্নয়নের যে লক্ষ্য নিয়ে দশক ব্যাপী সারা পৃথিবী জুড়ে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাকে আরো সম্প্রসারিত করবার জন্য প্রতিটি দেশ এবং আন্তর্জাতিক স্তরে একদিকে যেমন একটি সুস্পষ্ট নীতি গ্রহণ করতে হবে তার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিষয়ে সচেতনতা প্রসারিত করতে হবে। এটাই এই বছরের আন্তর্জাতিক বিজ্ঞান দিবসের অন্যতম প্রধান লক্ষ্য।
একটি দিবস পালন মানে কতগুলি সুনির্দিষ্ট লক্ষ্যকে আরেকবার স্মরণ করা। তাকে নিজেদের প্রতিদিনের কাজের অঙ্গ হিসেবে রূপায়ণের জন্য নিজেদেরকে সচেতন করা। আন্তর্জাতিক বিজ্ঞান দিবস আমাদের সামনে সেই উপলব্ধিকেই নতুন করে উপস্থাপিত করে। বিজ্ঞান হোক সবার জন্য, বিজ্ঞানের সুফল পৌঁছে যাক সবার ঘরে ঘরে, শান্তি এবং সমৃদ্ধির বার্তায় আলোকিত হোক এই পৃথিবী।
Comments :0