Narayangarh Accident

নারায়ণগড়ে ধান ঝাড়াইয়ে সময় ভ্যানের ধাক্কায় দুই শিশুর মৃত্যু, আহত দুই

রাজ্য জেলা

নারায়ণগড়ে দুর্ঘটনার ছবি। আহত শিশু কে কোলে নিয়ে মা ছুটছেন হাসপাতালে।

নারায়ণগড়ে জাতীয় সড়কের পাশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই শিশুর। ঘটনায় আহত আরও দু’জন। আহতদের মধ্যেও এক শিশু রয়েছে।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের উকুনমারি এলাকায় খড়্গপুর-বালেশ্বরের রাস্তায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মাঠের পাকা ধান ঝাড়াই করার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান এসে আছড়ে পড়ে। ধান ঝাড়াইয়ে ব্যস্ত দম্পতির সঙ্গে তাঁদের দুই শিশু সন্তানও ছিল। সেখানেই ছিল আরেক শিশুও। পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ যায় দুই শিশুর। অপর আহত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালে ছোটেন মা। 
মৃত দুই শিশুর নাম আকাশ দোলাই (১৩) ও সুশান্ত ভুঁইয়া (১১)। তাঁদের বাড়ি নারায়ণগড় থানার পুরাতন ভারার চিংড়া আড়া গ্রামে। দুর্ঘটনার পর আহত শিশুকে কোলে নিয়ে মায়ের হাসপাতালে ছুটে যাওয়ার দৃশ্যে স্তম্ভিত হয়ে পড়েন এলাকাবাসী।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।
এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
এদিনই ৬০ নম্বর জাতীয় সড়কে গড়বেতায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান স্থানীয় মানুষ। প্রাণে বেঁচে যান লরির চালক ও খালাসি। স্থানীয় মানুষ জড়ো হয়ে উদ্ধার করেন চালক এবং খালাসিকে। 

Comments :0

Login to leave a comment