বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। কাজের ক্ষেত্রে বহুল ব্যবহৃত আউটলুক, মাইক্রোসফট টিমস এবং কোপাইলটের মতো পরিষেবায় সংযোগজনিত সমস্যা দেখা দেওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন সংস্থা। এর প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের গ্রাহক পরিষেবায় কী ধরনের প্রভাব পড়েছে।
ইন্ডিগোর ক্ষেত্রে মূল সমস্যা ই-মেল যোগাযোগে। বিমান সংস্থাটি জানিয়েছে, তাদের ই-মেল সাপোর্ট পরিষেবা বর্তমানে বিঘ্নিত। ফলে যাত্রীরা ই-মেলের মাধ্যমে যে অভিযোগ বা সাহায্যের আবেদন পাঠাচ্ছেন, তার কিছু সংস্থার কাছে নাও পৌঁছতে পারে। জরুরি প্রয়োজনে যাত্রীদের ইন্ডিগোর ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে '6E Skai' পরিষেবার সাহায্য নিতে বলা হয়েছে। তবে সংস্থার অন্যান্য গ্রাহক সহায়তা মাধ্যমগুলি সচল রয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের প্রভাব তাদের বিমান চলাচল কিংবা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় পড়েনি। ই-মেল পরিষেবা সচল রাখতে বিকল্প পথে ই-মেল ট্র্যাফিক পরিচালনা করা হচ্ছে। ফলে যাত্রীদের পাঠানো ই-মেল হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই। সংস্থার দাবি, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাহকদের ই-মেলের উত্তর দেওয়া হচ্ছে।
ভারতের আর্থিক পরিষেবা ক্ষেত্রেও এই বিপর্যয়ের প্রভাব পড়েছে। বিশেষ করে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত কর্মীদের দৈনন্দিন কাজ ব্যাহত হয়েছে। গবেষণামূলক রিপোর্ট দেখতে না পাওয়া এবং ক্লায়েন্টদের সঙ্গে অনলাইন বৈঠক করতে সমস্যায় পড়েছেন তারা। বিবিসিকে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, সকালের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে প্রতিদিনের গবেষণা রিপোর্ট হাতে না পাওয়ায় বাজার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে।
একটি ভারতীয় ব্রোকারেজ সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ই-মেলের বিকল্প ব্যবস্থা থাকলেও মাইক্রোসফট টিমসের মাধ্যমে ফোনে কথা বলা কঠিন হয়ে পড়েছে। বিশেষত বড় ক্লায়েন্টদের সঙ্গে বৈঠক করতে সমস্যা হচ্ছে।
শুধু ভারত নয়, বিদেশের আর্থিক ক্ষেত্রেও একই পরিস্থিতি। ব্লুমবার্গকে ইউবিএস গ্রুপের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এক্সিকিউশন সেলস বিভাগের প্রধান রিটা এলকাজ্জি জানিয়েছেন, আউটলুক কাজ না করায় তাকে ফোন এবং অন্যান্য বিকল্প যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হচ্ছে। তার কথায়, পরিস্থিতি বেশ বিপর্যয়কর এবং এখনও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তিনি বিস্মিত। লেনদেনের বিবরণ ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
অন্যান্য বাণিজ্যিক সংস্থাও বিকল্প পথে যোগাযোগ চালানোর চেষ্টা করছে। বিবিসিকে যোগাযোগ পরামর্শদাতা ইয়াজিদ আহমেদ জানিয়েছেন, অন্য সংস্থাগুলিতে ই-মেল পাঠানোর জন্য তাকে ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হচ্ছে। তবে এই পরিস্থিতিতে কোনও গুরুত্বপূর্ণ ই-মেল তার নজর এড়িয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
মাইক্রোসফটের এই বিপর্যয়ের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এবং ফেডারেল পুলিশের তরফে ই-মেল পরিষেবায় সমস্যার কথা স্বীকার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রভাব সীমিত বলে জানিয়েছেন আধিকারিকরা। অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান মাইক বার্গেস জানিয়েছেন, মূলত ই-মেল ব্যবস্থাতেই সমস্যা দেখা দিয়েছে।
জাপান সরকারও তাদের যৌথ তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্মে সমস্যার কথা জানিয়েছে। তবে দেশটির ডিজিটাল মন্ত্রী তোশিহারু ফুরুয়োকাওয়া জানিয়েছেন, সরকারি দপ্তরগুলির কাছে বিকল্প যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ফোন, চ্যাট পরিষেবা এবং টেক্সট মেসেজের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
সিঙ্গাপুর প্রশাসন জানিয়েছে, তাদের কয়েকটি সরকারি ব্যবস্থাও এই বিপর্যয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ই-মেল পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে দেরি হতে পারে। একইভাবে ফিলিপিন্সের সুপ্রিম কোর্টও জানিয়েছে, ই-মেল এবং অন্যান্য লেনদেন সংক্রান্ত কাজে বিলম্ব হতে পারে।
মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংস্থাগুলির উপরেও। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের পরিষেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। ফলে কয়েকটি টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না। অন্যদিকে, অ্যানথ্রপিকও মাইক্রোসফট ৩৬৫-এর সঙ্গে সংযোগের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিকি চু-র মতে, এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, কোনও একটি প্রযুক্তি সংস্থার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা কতটা ঝুঁকিপূর্ণ। তার পরামর্শ, জরুরি কাজ চালু রাখতে প্রতিটি সংস্থার বিকল্প প্রযুক্তি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা থাকা প্রয়োজন।
মাইক্রোসফটের প্রাথমিক ব্যাখ্যা অনুযায়ী, পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপের কারণেই এই বিপর্যয়। সংস্থার কয়েকটি সার্ভার আচমকাই কাজ করা বন্ধ করে দেয়। ফলে বাকি সার্ভারগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সার্ভার পুনরায় চালু করা এবং প্রযুক্তিগত ত্রুটি সংশোধনের কাজ শুরু করে মাইক্রোসফট। কিন্তু প্রাথমিকভাবে নেওয়া পদক্ষেপে স্থায়ী সমাধান মেলেনি।
সংস্থার সর্বশেষ আপডেটে সমস্যার সমাধানের ক্ষেত্রে 'সামান্য সাফল্য' পাওয়ার কথা জানানো হয়েছে। তবে এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সার্ভারগুলির কার্যক্ষমতা খতিয়ে দেখা এবং নতুন প্রযুক্তিগত সংশোধনগুলি ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখছে সংস্থা।
বিপর্যয়ের ব্যাপকতা বোঝা যাচ্ছে ডাউনডিটেক্টরের পরিসংখ্যানেও। বৃহস্পতিবার সন্ধ্যায় আউটলুক পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা একসময় প্রায় ১ লক্ষ ৪০ হাজারে পৌঁছেছিল। অন্তত ৭৪টি দেশ ও অঞ্চল থেকে পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ জমা পড়েছে।
সব মিলিয়ে, বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার পরিষেবা বিপর্যয় ফের প্রশ্ন তুলে দিয়েছে আধুনিক কর্মক্ষেত্রে প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে। বিশেষ করে বিমান পরিষেবা, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিকল্প প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা কতটা জরুরি, তা আরও একবার স্পষ্ট করে দিল এই ঘটনা।
Technical
বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়, বিপাকে ইন্ডিগো-সহ একাধিক সংস্থা! ব্যাহত আউটলুক, টিমস ও কোপাইলট
×
Comments :0