প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, তার সঙ্গে একের বিরুদ্ধে এক বিতর্কে মুখোমুখি হলে নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি 'আস্ক মি' পর্বে অংশ নিয়ে এই মন্তব্য করেন রাহুল। কেন তিনি সংসদের পরিবর্তে প্রকাশ্য বিতর্কের দাবি জানাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, সংসদে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। এমনকী, তার মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হয়েছে।
রাহুলের অভিযোগ, কৃষি আইন, ভোট চুরি, এসআইআর, চিন, জেনারেল নারাভানের বই এবং এপস্টিন সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তার কথায়, ‘আমি একের বিরুদ্ধে এক বিতর্ক চাই। দীর্ঘ বক্তৃতার কোনও বিতর্ক চাই না। আমি চাই, নরেন্দ্র মোদি আমার বিরুদ্ধে অভিযোগ তুলবেন, আমিও তার বিরুদ্ধে অভিযোগ জানাব। মাঝখানে থাকবে একটি টেবিল। একদিকে বসবেন নরেন্দ্র মোদি, অন্যদিকে আমি।’
বিতর্কের বিচারক কে হবেন, তা নিয়েও আপত্তি নেই বলে জানিয়েছেন রাহুল। তার বক্তব্য, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকেও বিচারক হিসেবে নিয়োগ করা হলে তিনি রাজি।
এরপরই আত্মবিশ্বাসের সুরে রাহুল বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সঙ্গে একের বিরুদ্ধে এক বিতর্কে বসলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না।’
এর আগেও একাধিকবার নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী। এমনকী, মাত্র পাঁচ মিনিটের বিতর্কেই প্রধানমন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে প্রমাণ করতে পারবেন বলেও দাবি করেছিলেন তিনি।
অন্যদিকে, রাহুলের এই চ্যালেঞ্জকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির পাল্টা অভিযোগ, সংসদে বিতর্কের সুযোগ থাকা সত্ত্বেও রাহুল নিজেই বিতর্ক এড়িয়ে যাচ্ছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও রাহুলের দাবির সমালোচনা করেছেন। তার বক্তব্য, প্রধানমন্ত্রীকে বিতর্কের জায়গা বেছে নিতে বলার কোনও প্রয়োজন নেই। সংসদই বিতর্কের উপযুক্ত মঞ্চ। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুলের আরও দায়িত্বশীল ও গুরুত্ব সহকারে ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সব মিলিয়ে, সংসদের ভিতরে ও বাইরে বিতর্কের মঞ্চ নিয়ে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা পেল।
Rahul Gandhi
একের বিরুদ্ধে এক বিতর্কে মুখোমুখি হলে প্রধানমন্ত্রী পদে থাকবেন না মোদি, দাবি রাহুল গান্ধীর
×
Comments :0