Islampur

মাঠে আমন ধান পাকছে তবুও উদ্বেগে ইসলামপুরের সীমান্তবর্তী আট ব্লকের কৃষকরা

জেলা

উদ্বেগ বাড়ছে উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আট ব্লকের কৃষকদের। মাঠে আমন ধান পাকতে শুরু করেছে। কিন্তু সেই পাকা ধান আদৌ নিরাপদে ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। জেলার এই আট ব্লক জুড়ে প্রায় ২২৫ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে।
সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে থাকা জমিতে চাষ করতে গিয়েও দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখে পড়ছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, সুযোগ বুঝে বাংলাদেশের কিছু দুষ্কৃতী জমির পাকা ধান কেটে নিয়ে চলে যাচ্ছে। প্রতি বছরই ফসল পাকার মরশুমে এই সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। ঋণ করে চাষাবাদ করেও ফসল ঘরে তোলার নিশ্চয়তা নেই।
কৃষকদের বক্তব্য, কাঁটাতারের ওপারে থাকা জমিতে কাজ করতে হলে বিএসএফের নির্দিষ্ট চৌকিতে আধার, ভোটার কার্ড-সহ পরিচয়পত্র জমা দিয়ে যাতায়াত করতে হয়। দিনের নির্দিষ্ট সময়ে গেট খোলা থাকলেও সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। ফলে রাতে জমিতে ফসল পাহারা দেওয়ার সুযোগ থাকে না। অভিযোগ, এই সুযোগেই রাতের অন্ধকারে ধান কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।
শ্রীপুরের বাসিন্দা জুনেদ আখতার বলেন, ‘‘আমাদের আমন ধান পাকতে শুরু করেছে। এই সময়েই বাংলাদেশি দুষ্কৃতীরা সুযোগ নেয়। প্রতিবাদ করতে গেলেও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।’’ একই অভিযোগ আমবাড়ির মহম্মদ সুলেমান ও ধরণী সিংহের। তাঁদের কথায়, সার, ওষুধ, বীজের খরচ মেটাতে ঋণ করতে হয়। ফসল ঘরে তুলতে না পারলে সারা বছরের পরিশ্রমই বিফলে যায়। কৃষকদের দাবি, ধান পাকা ও কাটার মরশুমে বিশেষ ব্যবস্থা করে রাতে পাহারা দেওয়া কিংবা যাতায়াতের অনুমতি দেওয়া হোক। বিএসএফের এক কর্তার বক্তব্য, সরকারি নিয়ম মেনেই দিনের নির্দিষ্ট সময়ে কৃষকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। রাতে গেট বন্ধ থাকলেও সীমান্তরক্ষীরা ফসলের উপর নজর রাখেন। চুরি হলে তা উদ্বেগের বিষয়।
সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার বলেন, ফসল পাকা ও কাটার মরশুমে নিয়মে কিছুটা শিথিলতা আনলে কৃষকরা উপকৃত হবেন। এই দাবি জেলাশাসকের মাধ্যমে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment