Minor Girl Body Recovered

আদিবাসী নাবালিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য বাগদায়

রাজ্য জেলা

পাঁচ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার বাড়ির পাশের নদীর ঘাট থেকে ১৬ বছরের আদিবাসী নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগদায়। মৃতের পরিবারের অনুমান, কেউ বা কারা খুন করে নাবালিকাকে নদীর ঘাটে ফেলে রেখে গিয়েছে। এদিনও ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকার একটি গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, নাকি তাঁকে খুন করা হয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই বিষয়টি পরিষ্কার হবে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদার কুলধরপুর গ্রামে মাসির বাড়িতে থাকত নাবালিকা মেয়েটি। ছোটবেলায় তার বাবা, মায়ের মৃত্যু হয়। এরপর মাসির বাড়িতে মানুষ। গত শুক্রবার ছিল পাড়ার কালীপুজোর বিসর্জন। পাড়ার প্রতিমা বিসর্জনের আনন্দে সামিল ছিল সেও। গ্রামের পুকুরে বিসর্জনের শেষে শুক্রবার সন্ধ্যার পর পাড়ার এক আত্মীয়ের বাড়িতে শুয়েছিল সে। পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসে তার মাসির মেয়ে। রাত নটা নাগাদ মাসি তাকে খাওয়ার জন্য ডেকেছিলেন। কিন্তু ঘরে তাকে পাওয়া যায় নি। এরপর থেকেই পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায় নি। শেষে রবিবার বাগদা থানায় মিসিং ডাইরি করেন পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়। প্রতিবেশীদের কেউ কেউ শুক্রবার রাতে কোন যুবকের সঙ্গে নাবালিকাকে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন পরিবারকে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার হদিশ পাওয়া যায় নি। ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার গ্রামের নদীর ঘাট থেকে গ্রামের একজন একটি মৃতদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে নদীর ঘাটে আসেন পরিবারের লোকজন এবং বাগদা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এই প্রসঙ্গে মৃতার মাসি বলেন, বাবা, মায়ের মৃত্যুর পর আমার সংসারে মানুষ। কালীপুজোর বিসর্জন বাড়িতে এসে শুয়েছিল। খাবারের জন্য ডাকতে গিয়ে দেখি মেয়ে ঘরে নেই। অনেক খুঁজেছি। শেষে এদিন নদী থেকে মেয়ের দেহ উদ্ধার হয়েছে। মৃতার এক আত্মীয় বলেন, নাবালিকা রাত ন’টার পর নদীতে কেন যাবে? তাঁকে কেউ নিয়ে গিয়েছিল কিনা, সেটা পুলিশ উপযুক্ত তদন্ত করলেই জানা যাবে।

Comments :0

Login to leave a comment