CPI(M) Book Stall

বই বিক্রির রেকর্ড উত্তর চব্বিশ পরগনায়

রাজ্য জেলা

শারদোৎসবের শুরু থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে বামপন্থীদের বুক স্টল ও বইয়ের ওপরে হামলা চালাচ্ছে আরএসএস বিজেপি’র দুষ্কৃতীরা। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রগতিশীল মার্কসীয় বুক স্টলে হামলা, ভাঙচুর, বই জঞ্জালের গাড়িতে তুলে দেওয়া এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবুও শারদোৎসবের রেশ ধরে রেখেই দীপাবলী উৎসবেও বই বিক্রির রেকর্ড হল উত্তর চব্বিশ পরগনা জেলায়। গোটা জেলার মার্কসীয় বই বিক্রয়  হয়েছে  মোট ১০ লক্ষ ৭০ হাজার টাকার। গত বছরের তুলনায় বই বিক্রি বেড়েছে ৪ লক্ষ ৭০ হাজার টাকা। শত বাঁধা বিপত্তি সত্বেও স্বাভাবিক ভাবেই বই বিক্রির টাকার অঙ্ক বেড়েছে।
উৎসবের সময় রাস্তার ধারে অস্থায়ী স্টল করে বই বিক্রির রেওয়াজ রয়েছে বহুদিনের। কিন্তু এবছর শারদোৎসবের স্টল করা নিয়ে বিজেপি সহ তাদের সহযোগী সংগঠনের কর্মীদের বাঁধার মুখে পড়তে হয়েছিল। স্টল ভাঙচুর থেকে বই ছিঁড়ে রাস্তায় ফেলে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল। তা সত্বেও  বই বিক্রির রেকর্ড অঙ্কের টাকায় পৌঁছেছিল। সেই রেশ বজায় রেখে দীপাবলিতেও বই বিক্রি অনেকটা বেড়েছে।
সিপিআই (এম) নেতা আহমেদ আলি খান জানিয়েছেন, এই বছর উত্তর চব্বিশ পরগনা জেলায় দীপাবলি উৎসবে ৭৮টি বইয়ের স্টল দিয়েছিল সিপিআই(এম) ও ছাত্র যুব মহিলারা। গত বছরে দীপাবলির সঙ্গে ছট ও জগদ্ধাত্রী পুজো মিলিয়ে বইয়ের স্টল ছিল ৮২ টি। এই বছর এখন জগদ্ধাত্রী ও ছট ও নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্রর  হিসাব আসেনি। এই বছর দীপাবলির বুক স্টল ভাঙচুর হয়েছে নৈহাটি, রাজারহাট,বারাসত ২ নম্বর ব্লকের কলুপাড়ায় এবং বাগদায়। তবে ভাচুরের পরেও ছাত্র যুব কর্মীরা ফের বইয়ের স্টল করে বই বিক্রি শুরু করেন। মার্কসীয় সাহিত্যের পাশাপাশি বাংলার বিপ্লবী থেকে মনীষীদের বই ছিল স্টলে। বিক্রিও হয়েছে রেকর্ড পরিমাণ। গত বছর বই বিক্রির জেলার হিসেব ছিল ৬ লক্ষ টাকা। এবার শুধু দীপাবলির বই বিক্রি হয়েছে ১০ লক্ষ ৭০ হাজার টাকা। গতবারের তুলনায় ৪ লক্ষ ৭০ হাজার টাকার বই বিক্রি বেশি হয়েছে।

Comments :0

Login to leave a comment