চলতি সপ্তাহে বিশ্বের বহু দেশের শীর্ষ নেতাদের মহাসমাবেশ ঘটছে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে। এর মধ্যে দু’টি সম্মেলন হবে ফিলিপাইন্সের ম্যানিলায়। একটি ২৩তম আসিয়ান (অ্যাসোশিয়েশন অব ইস্ট এশিয়ান ন্যাশন্স) — ভারত শীর্ষ সম্মেলন। অন্যটি ২১তম ইস্ট এশিয়া সামিট। এই দুই শীর্ষ সম্মেলনের মাঝখানে অনুষ্ঠিত হবে দীর্ঘদিন নিস্তেজ ও নিষ্ক্রিয় থাকা চার দেশীয় অক্ষ কোয়াডের বৈঠক। এর দু’দিন পরেই চীনের শেনজেনে বসবে এশিয়া প্যাসিফিক ইকনমিক কো -অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের সময়েই এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা, চীন ও রাশিয়ার রাষ্ট্রপতিরা অতীতে কোনোদিন মুখোমুখি বৈঠক করেননি। সেদিক থেকে এটা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এর সঙ্গে আর এক চমকের ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। তিনি নাকি এই সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জঙ উনের সঙ্গেও বৈঠক করতে পারেন।
আসিয়ান-ভারত এবং কোয়াড বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই ম্যানিলায় পৌঁছে গেছেন। ট্রাম্প গেছেন মঙ্গলবার। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধকে ঘিরে এবং গাজায় ইজরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতি যে অশান্তি ও টালমাটাল অবস্থার মধ্যে আছে তাতে চলতি সম্মেলনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়া ট্রাম্পের খামখেয়ালি শুল্ক আগ্রাসনকে ঘিরে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার থেকে বেরোবার একটা রাস্তা এই সম্মেলনগুলি থেকে মিলতে পারে বলে অনেকের আশা।
তবে সব চেয়ে যেটা উল্লেখযোগ্য এবং নজর রাখার তা হলো দু’দিনের ব্যবধানে মূলত চীনের বিরুদ্ধে কোয়াড বৈঠক সেরে শি এবং পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে বসা। সম্প্রতি ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত এবং বক্তব্য থেকে বিশেষ করে সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবির পর ট্রাম্প চীনের সঙ্গে কোনোরকম সঙ্ঘাতে যেতে চাইছেন না বলেই ধারণা করা হচ্ছে। বরং ট্রাম্প চাইছেন চীন, রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার সাথেও সমঝোতা ও বোঝাপড়ার রাস্তায় হাঁটতে। তার অর্থ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এবং এশিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনকে কোণঠাসা বা কার্যত একঘরে করে রাখার পরিকল্পনার অঙ্গ হিসাবে কোয়াড জোট কি লোক দেখানো ব্যাপার হয়ে যাচ্ছে। কোয়াডের শুরু থেকে বিশেষ করে মোদী জমানায় ভারতে প্রবল উৎসাহ কোয়াডকে ঘিরে। আমেরিকাও চীনের উত্থান আটকাতে ভারতকে সামনে এগিয়ে দিয়েছে। কিন্তু ট্রাম্প দ্বিতীয় পর্বে কোয়াড নিয়ে চীরব। উলটে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এবং ভারতীয় পণ্যে অস্বাভাবিক শুল্ক আরোপ, রাশিয়া ও ইরান থেকে তৈল কেনা নিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক তলানিতে নেমে গেছে। ফলে মোদী সরকার অনেকটাই কোণঠাসা। এই অবস্থায় কোয়াড বৈঠকে মোদীরা খানিকটা আশার আলো দেখলেও তারপর ট্রাম্প-পুতিন-শি বৈঠক তাতে কার্যত জল ঢেলে দিয়েছে। বিদেশ নীতিতে ভারত কি খেই হারিয়ে ফেলছে?
Editorial
ধোঁয়াশায় মোদীরা
×
Comments :0