Farmers in Purulia

‘আকভান’র প্রভাবে টানা বৃষ্টি, ক্ষতির মুখে পুরুলিয়ার কৃষকেরা

রাজ্য জেলা

ঘূর্ণিঝড় ‘আকভান’ ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও সতর্কতা বজায় রয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দুদিন ধরে লাগাতার মেঘলা আকাশ ও বৃষ্টিপাত পুরুলিয়া জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফসল কাটার মুখে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পুরুলিয়ার কৃষকরা। ঝালদা-সহ বিভিন্ন এলাকায় কাটা ধান ভিজে যাওয়া এবং জমিতে থাকা পাকা ধান মাটিতে শুয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দু'দিনের টানা বৃষ্টিতে পুরুলিয়া ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতেও পাকা ধান ও শীতের ফলন ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন কৃষকেরা। আমন ধান পাকার মুহূর্তে ক্ষতির মুখে পুরুলিয়া জেলার ধানচাষীরাও। পাকা ধান পড়ে রয়েছে চাষের জমিতেই। বাড়িতে পাকা ধান তোলার মুখে হঠাৎ নিম্নচাপের জেরে সমস্যায় পড়েছেন তাঁরা। কারুর কাটা ধান পড়ে রয়েছে জমিতে, আবার কেউ পাকা ধান কাটতেই পারেনি, কেউ আবার পাকা ধান বাড়িতে নিয়ে গিয়েও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় খোলা আকাশের নিচে রেখেছেন। ধান চাষের উপর নির্ভরশীল কৃষকদের মাথায় হাত পড়েছে। কিভাবে এই সমস্যা থেকে উঠে আসবেন ভাবছেন তাঁরা। পুরুলিয়া জেলা মূলত এক ফসলা জমির উপর নির্ভরশীল। সারা বছর আমন ধানের চাষের ফলনের অপেক্ষায় থাকেন জেলার কৃষকেরা। কিন্তু পাকা ধান বাড়িতে তোলার সময় হঠাৎ নিম্নচাপে ক্ষতির মুখে পড়ছেন ধানচাষীরা।

Comments :0

Login to leave a comment