নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ওড়িশার উপকুল এলাকায় শুরু হয়েছে তীব্র ঝড় বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে গণপরিবহণ পরিষেবা। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
ভারতীয় মৌসম ভবন (IMD) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিট নাগাদ ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। ওড়িশার গোপালপুরের কাছাকাছি এলাকায় স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টির দাপট বেড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ১৯.২ মিলিমিটার। একই সময়ে রাজ্যের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মেদিনীপুরে, ৪৭ মিলিমিটার।
ঘূর্ণিঝড় ‘আকভান’ সমুদ্রে থাকাকালীন কিছুটা শক্তিক্ষয় করেছে বলে জানিয়েছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম ভারত থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রভাবে গত কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টির শক্তি কমেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, স্থলভাগে প্রবেশের পর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে এগোতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম ও ভিজিয়ানগরম জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ওড়িশার একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে এবং গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চললেও শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমতে পারে। একই সঙ্গে কমবে ঝোড়ো হাওয়ার দাপটও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার দুপুরের পর থেকে ধীরে ধীরে দুর্যোগের প্রভাব কাটতে শুরু করবে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রারও পরিবর্তন হতে পারে।
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কিছুটা কমলেও আগামী দু’দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
Cyclone Akvan
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগ দক্ষিণবঙ্গে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
×
Comments :0